এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়ায় পৌঁছেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সিডনিতে পৌঁছানোর পর খুব একটা সময় না নিয়েই মাঠে নেমে পড়েছে তারা।
স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে লাল-সবুজের প্রতিনিধিরা ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে পৌঁছায় এবং এর মাত্র কয়েক ঘণ্টা পরেই অনুশীলনে মনোযোগ দেয়। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকা সত্ত্বেও প্রধান কোচ পিটার বাটলার আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় খেলোয়াড়দের নিয়ে মাঠে নামেন।
দুই ঘণ্টার এই সেশনটি ছিল নারী এশিয়ান কাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশ দলের প্রথম প্রস্তুতি। মহাদেশীয় এই টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতেই তারা দ্রুত মাঠে নেমে পড়ে।
গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানান, খেলোয়াড়রা ঠাসা সূচি ও ভ্রমণের ক্লান্তির সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে। আপাতত চোট নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় উজ্জ্বল বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে কিছুটা ভ্রমণের ক্লান্তি আছে। তবে কোনো চোটজাতীয় সমস্যা নেই। সবাই ফিট আছে। আমরা এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজকের সেশনটি বেশ ভালো হয়েছে।’
ব্রিটিশ কোচ বাটলারের শিষ্যরা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে অবস্থান করবে। পরদিন তারা এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্ধারিত টিম হোটেলে উঠবে। বাংলাদেশের কোচিং স্টাফদের মতে, অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে তাদের প্রাথমিক অভিজ্ঞতা বেশ ইতিবাচক।
সকালের মাঠে অনুশীলন করার পর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে বিকালে জিম সেশনেও অংশ নেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। উজ্জ্বল যোগ করেন, ‘একটি ফুটবল দলের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা এখানে বিদ্যমান।’
আগামীকাল শনিবার সকালে আবারও অনুশীলনে নামার কথা রয়েছে বাংলাদেশ দলের। এছাড়া, ১২ দল নিয়ে আসন্ন এই টুর্নামেন্টের মূল প্রস্তুতির জন্য কয়েকদিন পর স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলারও কথা রয়েছে তাদের।
২১তম এশিয়ান কাপে কঠিন ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের সঙ্গে আছে বর্তমান ও রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন চীন, তিনবারের শিরোপাজয়ী উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে সিডনিতে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ মার্চ তারা একই ভেন্যুতে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে। আর ৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান।