ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে আমিনুল বললেন, ‘আমরা চাই সাকিব-মাশরাফি ফিরে আসুক’

Date:

নব-নির্বাচিত বিএনপি সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে থাকা মামলার সমাধানের কথা বললেন আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক জানান, তারা ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে রাজনীতির বিবেচনা না করে এগোতে চান এবং সাকিব ও মাশরাফির ব্যাপারে তাদের সরকার নমনীয় অবস্থান নেবে। এমনকি সাকিবের দেশে ফেরার কথাও বললেন তিনি

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আমিনুল। শপথ নিয়ে মিরপুরের নিজ বাসায় সাংবাদিকদের সামনে হাজির হন দেশের ইতিহাসের কিংবদন্তি এই গোলরক্ষক। অনেক বিষয়েই নিজের চিন্তা-ভাবনা তুলে ধরেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য থাকায় দুই ক্রিকেটার সাকিব ও মাশরাফি বিরুদ্ধে অন্তর্বতী সরকারের আমলে হয় একাধিক মামলা। দেশে ফিরতেও বাধা দেওয়া হয় সাকিবকে। তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। দেশে ফিরে অবসরের ইচ্ছা জানিয়েছেন একাধিকবার। মাশরাফি খেলার বাইরে থাকলেও আছেন অন্তরালে।

এই দুজনের ব্য্যাপারে প্রশ্ন হলে আমিনুল বলেন, ‘সাকিব ও মাশরাফি দেশের কিংবদন্তি ক্রিকেটার সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব-মাশরাফি ফিরে আসুক।’

আমিনুল পরে আবার স্পষ্ট করে বলেন, আইনি বিষয় সমাধান করে তারা এই দুই তারকাকে ক্রিকেটীয় বিষয়ে ফেরাতে চান,  ‘যেহেতু তাদের  বিরুদ্ধে মামলা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধানের মাধ্যমে যাতে তারা ফিরে আসে, সেই চেষ্টা করা হবে। আমরাও চাই, বাংলাদেশের ক্রিকেটে সাকিব-মাশরাফি ফিরে আসুক।’

২০২৪ সালের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে সর্বশেষ খেলেছিলেন মাশরাফি। অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর মাশরাফির বাড়িতে আগুন দেওয়া হয়, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা দেওয়া হয়। এরপর নড়াইলের সাবেক এই সাংসদ আছেন অন্তরালে। সাকিব বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে কানপুর টেস্টে। দেশের বাইরে থাকা সাকিব এরপর আর ফেরতে পারেননি। তাকে রাজনৈতিক কারণে দেশের ক্রিকেটে ফিরতে দেওয়া হয়নি। সদ্য বিগত সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন, তারা সাকিবকে ফিরতে দেবেন না। 

বাংলাদেশ ফুটবল দলের গোলরক্ষক ও অধিনায়ক হিসেবে লম্বা ক্যারিয়ার ছিল আমিনুলের। দেশসেরা গোলরক্ষক হিসেবে খ্যাতি পান তিনি। খেলা ছাড়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে জড়ান এই ফুটবলার। রাজনৈতিক ক্যারিয়ারে নানান ঘাত-প্রতিঘাত পেরিয়ে এবার তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন। এই মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী করা হয়নি কাউকে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে নির্বাচন করে ৩ হাজার ৩০০ ভোটে হেরে যান আমিনুল। নির্বাচনের পর সংবাদ সম্মেলনে ‘মেকানিজমের’ অভিযোগ করেছিলেন তিনি। তবে বিএনপি সরকার নির্বাচিত হলে, তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিতেন বলে আগে থেকেই আলোচনা ছিল। তিনি নির্বাচনে হেরে যাওয়ায় তৈরি হয় সংশয়। তবে শেষ পর্যন্ত টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তিনি।

Popular

More like this
Related

রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পহেলা রমজান...

ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ...

সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে...

মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ পেলেন যারা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস...