ক্রিকেট দলকে না করলেও শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দিল সরকার

Date:

নিরাপত্তা শঙ্কায় জাতীয় ক্রিকেট দলকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়ার অনুমতি দেয়নি অন্তর্বর্তী সরকার। তবে শুটিং দলের ক্ষেত্রে ভিন্ন অবস্থান নিয়েছে তারা। দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে সবুজ সংকেত দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার শুটিং দলের জন্য ভারত সফরের সরকারি আদেশ (জিও) দেওয়া হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই আন্তর্জাতিক আসরটি অনুষ্ঠিত হবে।

আগামী ৩১ জানুয়ারি শুটিং দল ভারতে যাবে বলে আশা করা হচ্ছে। দেশের শীর্ষ রাইফেল শুটার রবিউল আগামী ৬ ফেব্রুয়ারি ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই দলের অন্য সদস্য হলেন সাবেক শুটার ও বর্তমান কোচ শারমিন।

জাতীয় ক্রিকেট দল ভারত সফরে না যাওয়ায় আইসিসি তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে। তাহলে শুটিং দলকে কেন অনুমতি দেওয়া হয়েছে জানতে চাওয়া হলে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম দ্য ডেইলি স্টারকে জানান, সরকার এই দুটি বিষয়কে সম্পূর্ণ আলাদা ঘটনা হিসেবে বিবেচনা করছে।

মাহবুব বলেন, চ্যাম্পিয়নশিপটি সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হতে যাওয়ায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, ‘আমাদের শুধু একজন খেলোয়াড় যাবে, আর একজন কোচ। শুটিংয়ের যে ভেন্যুটি, এটা পুরোপুরি সুরক্ষিত। সাধারণ দর্শকদের উপস্থিতি খুবই কম থাকবে। আয়োজকদের পক্ষ থেকেও আমাদেরকে বলা হয়েছে, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’

‘তিনটি বিষয়কে আমরা বিবেচনা করেছি— প্রথমত, শুটিং হয় সংরক্ষিত এলাকাতে; দ্বিতীয়ত, ভেন্যুটি খুবই সুরক্ষিত ও তৃতীয়ত, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মাধ্যমে শুটিং ফেডারেশন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে বলা হয়েছে, ভারতে তাদের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই,’ যোগ করেন যুব ও ক্রীড়া সচিব।

তিনি আরও জানান, জিও দেওয়ার আগে এদিন বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের (বিএসএসএফ) সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানমের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত থাকায় ভারত ভ্রমণে রবিউলের জন্য সরকারি আদেশই যথেষ্ট হলেও শারমিনকে ভিসার জন্য আবেদন করতে হবে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমসের পর এই চ্যাম্পিয়নশিপই হবে রবিউলের প্রথম আন্তর্জাতিক আসর। গত ৪ জানুয়ারি থেকে তিনি শারমিনের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন।

Popular

More like this
Related

সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ দেশে, রোববার জানাজা ও দাফন

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয়...

আল-ইত্তিহাদ ছাড়ার পথে ‘অপমানিত’ বেনজেমা!

সৌদি আরবের ফুটবলে বড় এক নাটকীয় মোড়। আল-ইত্তিহাদের সঙ্গে...

ওসমান হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে।...

বিশ্বকাপ ম্যাচের টিকিটের চেয়ে বেশি দামে পার্কিং বিক্রি করছে ফিফা

বিশ্বকাপের উত্তেজনা এতটাই উষ্ণ যে, শুধু ম্যাচের টিকিট নয়,...