ক্রিকেটারদের নিয়ে নাজমুলের মন্তব্যে ক্ষুব্ধ আসিফ নজরুল

Date:

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ঘিরে যখন বিপিএল বয়কটসহ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কার্যত অচল। ঠিক সেই সময় বিষয়টি নিয়ে কড়া ভাষায় কথা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বক্তব্যকে ‘অপমানজনক’ ও ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন তিনি। তার বিশ্বাস যথাযথ ব্যবস্থা নেবে বিসিবি। 

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন, ‘এই মুহূর্তে আমাদের বিশ্বকে একটি বার্তা দেওয়া প্রয়োজন, আমরা একটি ঐক্যবদ্ধ জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার ও সমর্থক, জাতীয় মর্যাদার প্রশ্নে আমরা সবাই এক। এমন সময়ে দায়িত্বশীল অবস্থানে থাকা একজন মানুষের পক্ষ থেকে সব ক্রিকেটারকে অপমান করা অত্যন্ত দুঃখজনক এবং বোধগম্য নয়।’

তবে তিনি স্পষ্ট করেন, বিষয়টি বিসিবির অভ্যন্তরীণ বিষয় হিসেবেই বিবেচিত হচ্ছে। ‘বোর্ড অবশ্যই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে,’ যোগ করেন তিনি।

আসিফ নজরুল এ সময় আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও কথা বলেন। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতের বদলে অন্য কোথাও বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির চলমান আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই প্রেক্ষাপটে ক্রিকেটারদের সম্মান রক্ষা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাটি। ‘যখন একজন ক্রিকেটার মোস্তাফিজুর অপমানের শিকার হয়েছেন, তখন পুরো দেশ প্রতিবাদে ফেটে পড়েছিল। অথচ একই সময়ে বিসিবির একজন পরিচালক সব বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। একজন ক্রিকেটপ্রেমী হিসেবে আমি এটিকে চরম দায়িত্বজ্ঞানহীনতা মনে করি,’ বলেন তিনি।

এর আগে দিনের শুরুতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর দাবির মুখে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে পরিচালক পদ থেকে তার পদত্যাগের দাবি এখনো বহাল রেখেছে ক্রিকেটাররা।

বিতর্কের সূত্রপাত বুধবার, যখন নাজমুল ইসলাম গণমাধ্যমে বলেন, বাংলাদেশ দল যদি আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলতে পারে, তাহলে বিসিবির কোনো ক্ষতি নেই এবং খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নও ওঠে না। তিনি যুক্তি দেন, বিশ্বমঞ্চে বাজে পারফরম্যান্সের পর বিসিবি কখনো ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চায়নি।

এই মন্তব্যের জেরে বুধবার রাতেই কোয়াব ক্রিকেট বয়কটের হুমকি দেয়। নির্ধারিত সময়ের আগে নাজমুলকে অপসারণ না করা হলে ঢাকার বিপিএল ম্যাচগুলোতে না নামার ঘোষণা দেয় তারা। সেই হুমকির বাস্তব প্রতিফলন দেখা যায় বৃহস্পতিবার, খেলোয়াড়রা দিনের প্রথম ম্যাচে মাঠে নামেননি এবং দ্বিতীয় ম্যাচও বয়কট করেন।

এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, দ্বিতীয় ম্যাচও বয়কট হওয়ায় পুরো টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

Popular

More like this
Related

কাজীপুরে ওয়াজ মাহফিলে জামায়াত–বিএনপির সংঘর্ষের অভিযোগ, আহত ১৫

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ওয়াজ মাহফিলে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের...

আক্রমণের পর রক্ষণেও শক্তি বাড়াল সিটি, দলে নিল গেহিকে

ম্যানচেস্টার সিটি সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ক্রিস্টাল প্যালেস...

বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজারকে অপহরণ

বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্র এলাকায় মেঘদুয়ারি রিসোর্টের মালিক বাবু...

সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিসি কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেয়নি: বিসিবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতার...