কুষ্টিয়ায় শিশু ধর্ষণ: গ্রেপ্তার যথেষ্ট নয়, জরুরি ব্যবস্থার দাবি এমজেএফের

Date:

কুষ্টিয়ায় ১০ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় শুধু গ্রেপ্তার যথেষ্ট নয় উল্লেখ করে আইনের কঠোর প্রয়োগ, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

আজ বুধবার এক বিবৃতিতে শিশুদের ওপর চলমান যৌন সহিংসতার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

এমজেএফ জানায়, সাম্প্রতিক এ ধরণের ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত নজরদারি ও জবাবদিহির ঘাটতিকে আবারও স্পষ্ট করেছে।

বিবৃতিতে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য তুলে ধরে এমজেএফ। এতে বলা হয়, এ বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে শিশুদের ওপর সহিংসতার ৭১টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৩৮টি মেয়ে শিশু ও দুটি ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়া,  ধর্ষণের চেষ্টা করা হয়েছে আরও ১৪ শিশুকে।

শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা শুধু ব্যক্তিগত পরিসরেই নয়, জনসমাগমস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানেও ঘটছে, যা উদ্বেগজনক।

এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘ভয় ও নীরবতার কারণে মাদ্রাসায় শিশুদের ওপর যৌন সহিংসতার ঘটনা সচরাচর প্রকাশ পায় না। বেশিরভাগ ক্ষেত্রে গুরুতর শারীরিক ক্ষতি বা মৃত্যুর মতো ঘটনা না ঘটলে এসব বিষয় সামনে আসে না।’

অপরাধীরা প্রতিষ্ঠানের আড়ালে নিজেদের লুকিয়ে রাখে এবং শিশুরা কথা বলার সুযোগ না পাওয়ায় আরও বেশি ঝুঁকির মুখে পড়ে বলে জানান তিনি।

কুষ্টিয়ার ভেড়ামারার শিশুটি এখন জীবন রক্ষার লড়াই করছে বলে দুঃখ প্রকাশ করেন শাহীন আনাম।

বিবৃতিতে আরও বলা হয়, শুধু গ্রেপ্তার করলেই শিশুদের ওপর চলমান নৃশংসতা বন্ধ হবে না। এর জন্য আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি দ্রুত বিচার, প্রশাসনিক ব্যবস্থা ও অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি।

সংসদে যৌন হয়রানি প্রতিরোধে আইন পাস না হওয়া পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সংস্থাটি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও দ্রুত কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এমজেএফ।

Popular

More like this
Related

বুমরাহ’র বেতন কমছে ২ কোটি রুপি, ক্ষতিপূরণের কথা ভাবছে বিসিসিআই

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের রদবদল আসায় বার্ষিক বেতন...

বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেম করার’ উৎসাহ দিলো চীনা বিশ্ববিদ্যালয়

চীনের একটি বিশ্ববিদ্যালয় বসন্তকালীন ছুটিতে শিক্ষার্থীদের ‘ফুল উপভোগ করো,...

ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানির পর এবার গোয়েন্দা প্রধান...

ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা, জ্বালানি তেলের দাম বাড়ল ৫ শতাংশ

ইরানে পারস্য অঞ্চলের অন্যতম প্রধান গ্যাসক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের...