বাংলাদেশে জন্ম নেওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহনাজ রহিমের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে কিম কারদাশিয়ানের ফ্যাশন ব্র্যান্ড স্কিমস বডির বিরুদ্ধে করা একটি মামলায় সফলভাবে সমঝোতায় পৌঁছেছে।
এই সমঝোতার আওতায় স্কিমসকে ২ লাখ ডলার পরিশোধ করতে হবে। অভিযোগ ছিল, পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিক্রয় কর আদায় করেছে।
নিউজার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ প্লাটকিন এবং অঙ্গরাজ্যের ডিভিশন অব কনজ্যুমার অ্যাফেয়ার্স গত ২০ জানুয়ারি এক যৌথ ঘোষণায় জানায়, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্কিমস নিউজার্সির গ্রাহকদের কাছ থেকে বিক্রয় কর আদায় করেছে, যদিও রাজ্যে বেশিরভাগ পোশাকপণ্য বিক্রয় করের আওতাভুক্ত নয়।
লস অ্যাঞ্জেলেস টাইমসকে দেওয়া এক বিবৃতিতে স্কিমসের এক মুখপাত্র জানান, বিক্রয় কর সংগ্রহ ব্যবস্থায় একটি ‘কারিগরি ত্রুটি’র কারণে এই সমস্যা তৈরি হয়েছিল। পরে সেটি ঠিক করা হয়েছে বলেও জানান তিনি।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর এক বিবৃতিতে জানায়, করমুক্ত পণ্যের ওপর বিক্রয় কর আদায় এবং গ্রাহকদের কাছ থেকে ভুলভাবে অর্থ কাটা ঠেকাতে ব্যর্থ হওয়ায় স্কিমস ‘অযৌক্তিক ব্যবসায়িক চর্চা’-তে জড়িয়েছে।
অভিযোগ নিষ্পত্তির অংশ হিসেবে স্কিমস ইতোমধ্যে ভুলভাবে আদায় করা বিক্রয় কর নিউজার্সি ডিভিশন অব ট্যাক্সেশনে জমা দিয়েছে এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের চিহ্নিত করে অর্থ ফেরতের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি ভোক্তা প্রতারণা আইন (কনজ্যুমার ফ্রড অ্যাক্ট) লঙ্ঘন রোধে সংস্কারমূলক পদক্ষেপ নিতে সম্মত হয়েছে।
বিবৃতিতে ম্যাথিউ প্লাটকিন বলেন, ‘স্কিমসকে আমরা জবাবদিহির আওতায় এনেছি, কারণ তাদের কর্মকাণ্ডে নিউজার্সির গ্রাহকরা তাদের প্রাপ্যের চেয়ে বেশি অর্থ দিতে বাধ্য হয়েছেন। কঠোর পরিশ্রমী নাগরিকদের পকেট থেকে বেআইনিভাবে টাকা বের করে নেওয়ার মতো আচরণ আমরা সহ্য করব না।’
স্কিমসও স্বীকার করেছে, এই ভুলটি অনিচ্ছাকৃত ছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেসব গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কর আদায় করা হয়েছে, তাদের সবাইকে পুরো অর্থ ফেরত দেওয়ার জন্য যোগাযোগ করা হচ্ছে।
২০২৪ সালের শুরুতে একটি অভিযোগ পাওয়ার পর নিউজার্সির ডিভিশন অব কনজ্যুমার অ্যাফেয়ার্স স্কিমসের কার্যক্রম তদন্ত শুরু করে। সমঝোতা অনুযায়ী, আগামী চার বছর স্কিমসকে ‘যথাসম্ভব চেষ্টা’ করতে হবে যেন অতিরিক্ত কর দেওয়া গ্রাহকদের যুক্তিসংগত সময়ের মধ্যে অর্থ ফেরত দেওয়া হয়।
২০১৯ সালে কিম কারদাশিয়ান ও প্রধান নির্বাহী জেন্স গ্রেডের উদ্যোগে স্কিমস যাত্রা শুরু করে। অনলাইন স্টোর হিসেবে শুরু হলেও পরে এটি যুক্তরাষ্ট্রজুড়ে ফিজিক্যাল স্টোরে বিস্তৃত হয়। ২০২৫ সালের এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হলিউডে লস অ্যাঞ্জেলেসে প্রতিষ্ঠানটি তাদের ফ্ল্যাগশিপ স্টোর চালু করে।