২০২৬ আইপিএলের শুরুতে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন ইশান কিষান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান থেকে ছিটকে পড়া অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স পিঠের চোট থেকে সেরে না ওঠায় কিষানকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এই তথ্য জানিয়েছে।
উইকেটরক্ষক-ব্যাটার ইশানের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ছাড়পত্র পাওয়া সাপেক্ষে আগামী ২৩ মার্চ হায়দরাবাদে দলের সঙ্গে যোগ দেবেন পেসার কামিন্স। এবারের আইপিএল শুরুর মাত্র ১০ দিন আগে এই ঘোষণা এসেছে। আগামী ২৮ মার্চ বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে হায়দরাবাদ।
কামিন্স ফিরে না আসা পর্যন্ত আইপিএলের ইতিহাসে এটি হবে মাত্র দ্বিতীয় মৌসুম, যেখানে অংশগ্রহণকারী ১০টি দলের সবকটিরই অধিনায়ক থাকছেন ভারতীয়রা। এর আগে ২০১৯ সালে হায়দরাবাদ একমাত্র দল ছিল যাদের অধিনায়ক ছিলেন একজন বিদেশি। তবে নিউজিল্যান্ডের ব্যাটার কেইন উইলিয়ামসনের অনুপস্থিতিতে সেবার প্রথম ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন পেসার ভুবনেশ্বর কুমার। কামিন্স ঠিক কবে থেকে মাঠে নামবেন তা নিশ্চিত না হলেও ফ্র্যাঞ্চাইজিটি ধরে নিচ্ছে যে, শুরুর অন্তত কয়েকটি ম্যাচে তাকে পাওয়া যাবে না।
গত ডিসেম্বরে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে খেললেও এরপর থেকে চোটের কারণে মাঠের বাইরে আছেন কামিন্স। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টানা দ্বিতীয় ও সবমিলিয়ে তৃতীয় শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন ইশান ও অভিষেক। তবে আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা তাদের কারোরই নেই।
২০২৫ সালের নিলামে ১১ কোটি ২৫ লাখ রুপিতে ইশানকে দলে নিয়েছিল হায়দরাবাদ। ওই মৌসুমে ১৫২.৫৮ স্ট্রাইক রেটে তিনি করেন ৩৫৪ রান। এর মধ্যে ছিল দলটির হয়ে প্রথম ম্যাচে অপরাজিত সেঞ্চুরি।
চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এই বছর ১৩ টি-টোয়েন্টিতে ২০৭ স্ট্রাইক রেট ও ৪০.৯২ গড়ে ৫৩২ রান করেছেন ইশান। আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে তিনি ও অভিষেক দুজনেই ফিফটি করেছিলেন।