কঙ্গোয় ভয়াবহ ভূমিধসে ২০০ প্রাণহানির আশংকা

Date:

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো বা ডিআরসি নামে পরিচিত) আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ। সেখানে ১১ কোটিরও বেশি মানুষের বসবাস।

দেশটির পূর্বাঞ্চলে একটি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন খনিতে ভয়াবহ ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। সরকার বলছে, এই ঘটনায় ‘অন্তত ২০০ মানুষের প্রাণহানির’ আশংকা দেখা দিয়েছে।

আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি।

২০২১ সালে নতুন করে কার্যক্রম শুরু করে এম২৩ নামের সশস্ত্র গোষ্ঠী। তারপর থেকে তারা ডিআর কঙ্গোর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ পূর্বাঞ্চলের উল্লেখযোগ্য পরিমাণ ভূখণ্ডের দখল নিয়ে নেয়।

২০২৪ সালের এপ্রিলে রুয়ান্ডার সহায়তায় নর্থ কিভু প্রদেশের রুবায়া খনিটির দখল নেয় এম২৩। 

প্রত্যক্ষদর্শীরা জানান, খনিজ সমৃদ্ধ এলাকার কাছে অবস্থিত পাহাড়ের একটি অংশ বুধবার বিকেলে ধসে পড়ে। এরপর ব্স্পতিবার সকালে দ্বিতীয় ভূমিধস আঘাত হানে।

এম২৩ নিযুক্ত গভর্নর এরাস্টন বাহাতি মুসাঙ্গা এএফপিকে বলেন, অন্তত ‘২০০ জন’ প্রাণ হারিয়েছেন।

তবে এএফপি মৃতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।

বেশ কয়েকদিন ধরেই ওই অঞ্চলে ফোন নেটওয়ার্ক অকেজো অবস্থায় আছে।

মানবাধিকার সংস্থা সূত্ররা এএফপিকে জানায়, ওই অঞ্চল থেকে মোটরসাইকেলে করে আসা মানুষের কাছ থেকে অল্প কিছু তথ্য পাওয়া যাচ্ছে। যার ফলে মৃতের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হচ্ছে না।

ল্যাপটপ ও মোবাইল ফোনের মতো ইলেকট্রনিক পণ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ এক উপকরণ কোলটান। বিশ্বের মোট উৎপাদনের ১৫ থেকে ৩০ শতাংশই আসে রুবায়া খনি থেকে।

বিশেষজ্ঞদের মতে, এম২৩ ওই খনি থেকে প্রতি মাসে অন্তত আট লাখ মার্কিন ডলার আয় করে।

জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ, প্রতিবেশী দেশ রুয়ান্ডা এম২৩কে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা দিয়ে থাকে। বিনিময়ে তারা ডিআর কঙ্গোর গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ পায়। তবে এই দাবি অস্বীকার করেছে রুয়ান্ডা।

বিশ্বের কোলটান মজুদের ৬০ শতাংশই ডিআর কঙ্গোর হাতে। পাশাপাশি, দেশটির পূর্বাঞ্চলে স্বর্ণ ও টিনের মতো অন্যান্য মূল্যবান খনিজ পদার্থও আছে।

Popular

More like this
Related

ভুটানের সঙ্গে স্বাস্থ্য ও ইন্টারনেট সংক্রান্ত ২ সমঝোতা স্মারক সই

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে দেশটির সঙ্গে...

যুক্তরাষ্ট্র ‘কর্তৃত্ববাদী’ শাসনের দিকে ঝুঁকছে: হিউম্যান রাইটস ওয়াচ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী দেশে পরিণত করছেন বলে...

খেলোয়াড়রা তাদের সর্বস্ব ঢেলে দিয়েছে: আলোনসো

ম্যানচেস্টার সিটির কাছে হারলেও দলকে দোষারোপ করার বদলে লড়াকু...

ভূমিকম্পে নরসিংদীর ভবন-সড়কে ফাটল, আতঙ্ক কাটেনি এখনো

গতকাল শুক্রবার আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর অধিকাংশ ভবন,...