এমপির হাসপাতাল পরিদর্শন শেষে চলে গেলেন ২৩ রোগী

Date:

স্থানীয় সংসদ সদস্যের পরিদর্শন শেষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ২৩ জন রোগী হাসপাতাল ত্যাগ করেছেন।

গতকাল সোমবার এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। সে সময় ২৩ জন ব্যক্তি জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন সংঘর্ষে তারা আহত হন।

হাসপাতাল কর্তৃপক্ষকে তারা জানান, শহরের বেসরকারি ক্লিনিকে আগে চিকিৎসা নিয়েছিলেন, আবার অসুস্থ বোধ করায় সরকারি হাসপাতালে এসেছেন।

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, তাদের অনেকের হাত-পায়ে নতুন ব্যান্ডেজ ছিল। দুপুর ১টার দিকে এমপি সরওয়ার জামাল নিজাম হাসপাতাল ত্যাগ করার সঙ্গে সঙ্গে ওই ২৩ জন হাসপাতাল ছাড়েন।

হাসপাতালে ভর্তি থাকা আনোয়ারার মাজারগেট এলাকার মো. আলমগীর ও পীরখাইন এলাকার মোহাম্মদ হোসেন জানান, ওই ২৩ জনকে জায়গা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নির্ধারিত শয্যা থেকে সরিয়ে দেয়। সে সময় তাদের করিডোরে অপেক্ষা করতে হয়েছিল। এমপি চলে যাওয়ার পর ওই ব্যক্তিরা চলে গেলে তাদের শয্যা ফিরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দীন চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, আমাদের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা শয্যার চেয়ে কম। ওই ২৩ জন ফলোআপের জন্য হাসপাতালে এসেছিলেন। কর্তব্যরত চিকিৎসক  পর্যবেক্ষণের জন্য তাদের ভর্তি করেন।

তিনি আরও বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে তাদের একটি ওয়ার্ডে একসঙ্গে রাখা হয়েছিল। অন্য রোগীদের খালি শয্যা থাকা কক্ষে সরিয়ে নেওয়া হয়।

এমপি চলে যাওয়া পর ২৩ জন ব্যক্তি কীভাবে সুস্থ বোধ করলেন, জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক চিকিৎসার পর তারা ভালো লাগছে জানালে ছাড়পত্র দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

 

Popular

More like this
Related

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশবিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায়...

ব্রুকের সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

পাল্লেকেলের উত্তপ্ত সন্ধ্যায় যেন একাই যুদ্ধ করলেন ইংলিশ অধিনায়ক...

কাশ্মীর নিয়ন্ত্রণে যেভাবে ‘ইসরায়েলি মডেল’ প্রয়োগ করছে ভারত

নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত যখন প্রকাশ্যে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা...

পুলিশের হামলা পুরোনো দমন-পীড়নের সংস্কৃতির প্রতিধ্বনি: শফিকুর রহমান

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক এবং চাঁদপুরসহ দেশের বিভিন্ন...