সেরা তৃতীয় হয়ে নকআউট পর্বে জায়গা করে নিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তাও আবার ফলাফলে ব্যবধানটাও হতে হবে বড়। এমন পরিসংখ্যানে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সব শেষ ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার।
উত্তর কোরিয়ার বিপক্ষে আগের ম্যাচে ডিফেন্সে অভিজ্ঞ শিউলি আজিম একাদশের বাইরে রাখা হলেও আজ তিনি আইরিনের পরিবর্তে আবারো জায়গা পেয়েছেন। ফিরেছেন উমহেলা মারমা। এছাড়া আগের দুই ম্যাচে বেঞ্চ থেকে নামা সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী আজ প্রথম একাদশে সুযোগ পেয়েছেন।
গত ম্যাচে একাদশে থাকা শামসুন্নাহার (জুনিয়র) ও নবীরন আজ নেই। প্রথম ম্যাচে বাংলাদেশ প্রথাগত স্ট্রাইকার ছাড়া খেলেছিল। আজ উজবেকিস্তানের বিপক্ষে জেতার মাধ্যমে দলের সম্ভাবনা জাগানোর জন্য আক্রমণভাগে শক্তি বাড়ানো হয়েছে। টানা তিন ম্যাচেই গোলরক্ষক হিসেবে মিলি আক্তারের উপর আস্থা রেখেছেন বাটলার।
বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, শামসুন্নাহার (সিনিয়র), শিউলি আজিম, কোহাতি কিসকু, তহুরা খাতুন, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, আনিকা রানিয়া সিদ্দিকী, উমেলাহ মারমা।