ইরান বিশ্বকাপে না খেললে কী হবে?

Date:

চলমান মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলায় ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সামনে আসছে ফিফা বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের একাধিক বড় শহরে চালানো বোমা হামলা প্রয়োজনে “চার থেকে পাঁচ সপ্তাহ” পর্যন্ত চলতে পারে। এই হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এর জেরে ইরানের পাল্টা হামলাও শুরু হয়েছে।

এমন প্রেক্ষাপটে বিশ্বকাপের বিষয়টি হয়তো তুচ্ছ মনে হতে পারে। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রশ্ন তুলেছে, ইরান আদৌ দল পাঠাবে কিনা অথবা যুক্তরাষ্ট্র সরকার তাদের অংশগ্রহণে কোনো বিধিনিষেধ আরোপ করবে কিনা।

ফিফার অবস্থান

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রোম শনিবার বলেছেন, ‘আমাদের লক্ষ্য অবশ্যই একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজন করা, যেখানে সবাই অংশ নেবে।’ সংস্থাটির একটি সূত্রও জানিয়েছে, এখন পর্যন্ত টুর্নামেন্টের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হয়নি।

তবে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এই হামলার পর আমরা কীভাবে আশাবাদ নিয়ে বিশ্বকাপের দিকে তাকাব?’ তার ভাষায়, অংশগ্রহণের সিদ্ধান্ত নেবেন দেশের ‘ক্রীড়া প্রধানরা’।

ইরানের সূচি ও সম্ভাব্য জটিলতা

১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ইরান ‘গ্রুপ জি’তে রয়েছে। তাদের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা—

•    ১৫ জুন: নিউজিল্যান্ডের বিপক্ষে, লস অ্যাঞ্জেলেসের কাছে সোফি স্টেডিয়াম
•    ২১ জুন: বেলজিয়ামের বিপক্ষে, একই ভেন্যু
•    ২৬ জুন: মিশরের বিপক্ষে, সিয়াটলের লুমেন ফিল্ড

কিন্তু প্রশ্ন হলো, যদি ইরান অংশ না নেয় বা নিতে না পারে, তাহলে কী হবে?

যুক্তরাষ্ট্র কি ইরানকে নিষিদ্ধ করতে পারে?

ট্রাম্প প্রশাসন ২০১৮ সাল থেকে বলে আসছে, বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দল ও সমর্থককে স্বাগত জানানো হবে। ২০১৮ সালে ফিফা উত্তর আমেরিকাকে আয়োজকত্ব দেওয়ার আগে ট্রাম্প এক চিঠিতে লিখেছিলেন, যুক্তরাষ্ট্র ‘উন্মুক্ত ও উৎসবমুখর পরিবেশে’ বিশ্বকাপ আয়োজন করবে এবং ‘কোনো বৈষম্য ছাড়াই’ সব দেশের খেলোয়াড় ও সমর্থকদের প্রবেশ নিশ্চিত করবে।

তবে বাস্তবে ইতোমধ্যেই ইরানসহ কয়েকটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যদিও বড় ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়া খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য সীমিত ব্যতিক্রম রাখা হয়েছে। গত ডিসেম্বরে বিশ্বকাপ ড্রয়ের আগে কয়েকজন ইরানি প্রতিনিধির ভিসাও নাকচ করা হয়েছিল। সে সময় হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্স প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, ‘প্রত্যেক ভিসা সিদ্ধান্তই জাতীয় নিরাপত্তার সিদ্ধান্ত।’

ফিফা যদি ব্যক্তিগত ভিসা প্রত্যাখ্যান ঠেকাতে না পারে, তবে যুক্তরাষ্ট্র সরকারের ইরানের পুরো দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্তেও ফিফার হস্তক্ষেপ সীমিত হতে পারে।

ইরান সরে দাঁড়ালে কী হবে?

ফিফার ২০২৬ বিশ্বকাপ বিধিমালার ৬ নম্বর অনুচ্ছেদে ‘ফোর্স মেজর’ বা অনিবার্য পরিস্থিতিতে দল প্রত্যাহারের ক্ষেত্রে ফিফাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। সংস্থাটি চাইলে—
১.    গ্রুপ ‘জি’কে তিন দলের গ্রুপে রূপান্তর করতে পারে। 
২.    অন্য কোনো দেশকে ইরানের পরিবর্তে সুযোগ দিতে পারে।

তবে সময় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। শেষ মুহূর্তে দল বদল হলে প্রস্তুতি, চুক্তি ও লজিস্টিক ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ তৈরি হবে।

সম্ভাব্য বিকল্প দল কারা?

এশিয়া অঞ্চলের বাছাইপর্বের জটিল কাঠামোর কারণে ‘মেধাভিত্তিক’ বিকল্প বাছাই কঠিন। ইরান তৃতীয় রাউন্ডে গ্রুপ ‘এ’ জিতে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। উজবেকিস্তানও সরাসরি সুযোগ পায়। কাতার চতুর্থ রাউন্ড পেরিয়ে যোগ্যতা অর্জন করে।

অন্যদিকে, ইরাক আন্তঃমহাদেশীয় প্লে-অফে বলিভিয়া বা সুরিনামের বিপক্ষে খেলবে। ইরান সরে গেলে ইরাক, সংযুক্ত আরব আমিরাত বা এমনকি প্লে-অফের পরাজিত দলও আলোচনায় আসতে পারে। ফিফার বিধিমালা অনুযায়ী, সংস্থাটি প্রয়োজন মনে করলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে।

আয়োজকত্ব কি ঝুঁকিতে?

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের আয়োজকত্ব হারানোর সম্ভাবনা খুবই কম। কোনো অংশগ্রহণকারী দেশকে টুর্নামেন্টের কয়েক মাস আগে বোমা হামলা করার নজির নেই বটে, তবে এখনো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত পাওয়া যায়নি। ফিফার পক্ষ থেকেও ভেন্যু পরিবর্তন বা আয়োজকত্ব পুনর্বিবেচনার কোনো আভাস নেই।

তবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া মিশ্র। যদিও বড় পরিসরের বয়কটের মতো ঐক্যবদ্ধ অবস্থান এখনো দেখা যায়নি।

Popular

More like this
Related

‘কখন যে ক্ষেপণাস্ত্র এসে পড়বে কেউ বলতে পারে না’, মধ্যপ্রাচ্যে আতঙ্কে বাংলাদেশিরা

ঘড়িতে তখন সকাল ৮টা। আগের দিন তেহরানে হামলা চালিয়েছে...

৩৩ বলে অ্যালেনের রেকর্ড সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড

জয়ের জন্য নিউজিল্যান্ডের তখন দরকার ১ রান, আর সেঞ্চুরির...

সীতাকুণ্ডে ৭ বছরের শিশু হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী শিশুর শ্বাসনালি কেটে হত্যা...

পাকিস্তানের বিপক্ষে সিরিজে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ বাংলাদেশের

ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারাতে...