ইরান আরও ৬ মাস যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম: আইআরজিসি

Date:

টানা নয় দিন ধরে যুক্তরাষ্ট্র ‍ও ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার মধ্যেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আজ রোববার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তারা আরও ছয় মাস পর্যন্ত তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম।

অপরদিকে ইসরায়েল দাবি করেছে যে, তারা লেবাননের বৈরুতের কেন্দ্রস্থলে সমুদ্রতীরবর্তী একটি হোটেলে তেহরানের কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে এর আঞ্চলিক প্রভাবও দ্রুত বাড়ছে। সৌদি আরব জানিয়েছে, রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসা একাধিক ড্রোন তারা ভূপাতিত করেছে। অন্যদিকে কুয়েত বলেছে, তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে একটি হামলা হয়েছে।

কুয়েতের বিমান চলাচলের জ্বালানি সংরক্ষণাগারে হামলার ঘটনাটি জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। একইসঙ্গে দেশটির জাতীয় তেল কোম্পানি জানিয়েছে, হরমুজ প্রণালিতে হুমকির কারণে তারা অপরিশোধিত তেলের উৎপাদন কমাচ্ছে। এই প্রণালি দিয়েই বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়।

তেহরান শনিবার অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের রাজধানীতে একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে। ইসলামি প্রজাতন্ত্রের তেল অবকাঠামোর ওপর এটিই প্রথম হামলা বলে জানা গেছে। এর মধ্যে বিশ্ববাজারে শেয়ারবাজারে পতন এবং অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তেহরানে ‘বেশ কয়েকটি জ্বালানি সংরক্ষণাগার’ লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেগুলো ‘সামরিক অবকাঠামো পরিচালনায় ব্যবহৃত’ হচ্ছিল।

রোববার ইসরায়েলি বাহিনী ‘তেহরানজুড়ে’ নতুন করে হামলা চালায়। এর আগে তারা বৈরুতের কেন্দ্রস্থলের একটি পর্যটকপ্রিয় এলাকায় অবস্থিত হোটেলে নির্ভুল হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশি অভিযান শাখা কুদস ফোর্সের ‘গুরুত্বপূর্ণ কমান্ডারদের’ লক্ষ্যবস্তু করে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হোটেলে হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে এএফপির একজন ফটোগ্রাফার ভাঙা জানালা ও পুড়ে যাওয়া দেয়াল দেখেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে তারা ‘সর্বশক্তি দিয়ে’ যুদ্ধ চালিয়ে যাবেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকেই এই আঞ্চলিক সংঘাত শুরু হয়।

এই হুমকির মধ্যেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, বর্তমান যুদ্ধের গতিতে তারা আরও ছয় মাস পর্যন্ত ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে পারবে।

বাহিনীর মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি বলেন, এখন পর্যন্ত ইরান ‘প্রথম ও দ্বিতীয় প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে আগামী দিনগুলোতে তারা ‘উন্নত এবং কম ব্যবহৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করবে।

Popular

More like this
Related

ইসরায়েলের হামলায় তেহরানে ‘আগুনের নদী’

টানা নয় দিন ধরে ইরানের সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে টার্গেট...

স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকট এড়াতে ও সরকারি ব্যয় সাশ্রয় নীতির অংশ...

ঝিনাইদহে পিটুনিতে ‘বৈষম্যবিরোধী’ নেতার মৃত্যু: ফিলিং স্টেশনে ভাঙচুর, ৩ বাসে আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে পিটিয়ে হত্যার ঘটনার পর...

‘তেহরান ও আশপাশের ৫ তেল স্থাপনায় হামলা’

ইরানের রাজধানী তেহরান ও আশপাশের পাঁচটি তেল সংক্রান্ত স্থাপনায়...