ইরানে ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ শুরু হয়েছে, নতুন দাবি ট্রাম্পের

Date:

ইরানের ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরানি প্রতিনিধিদের সঙ্গে চলমান আলোচনা সফল না হলে তেহরানের ওপর বোমাবর্ষণ অব্যাহত থাকবে।

আজ সোমবার ইরানে হামলা স্থগিতের নির্দেশ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প  স্পষ্ট করেছেন যে, এই আলোচনা ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে হচ্ছে না।

বরং তিনি এমন কয়েকজনের সঙ্গে আলোচনা করছেন যাদের তিনি ‘সুবিবেচক’ বলে উল্লেখ করেন।

উড়োজাহাজে ওঠার আগে ট্রাম্প বলেন, ‘আমরা আজ সম্ভবত ফোনে কথা বলব, কারণ কোনো দেশ খুঁজে পাওয়া কঠিন — আমার ধারণা, তাদের (ইরান) বের হয়ে আসাটা খুব কঠিন।’

ট্রাম্পের দাবি, চলমান সংঘাতে ইরানের অনেক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ইতোমধ্যে নিহত হওয়ায় সেখানে এমনিতেই শাসনব্যবস্থা পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে।

আলোচনার ভবিষ্যৎ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদি আলোচনা ব্যর্থ হয়, তবে আমরা আমাদের মন মতো বোমাবর্ষণ চালিয়ে যাব।’

উল্লেখ্য, এর আগে ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ও জ্বালানি স্থাপনায় হামলা চালানোর হুশিয়ারি দিলেও, ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনার’ কথা বলে আজ সোমবার আপাতত পাঁচ দিনের জন্য হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন।

যদিও ইরান সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের আলোচনার বিষয়ে কিছু জানানো হয়নি।

তবে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে রয়টার্স জানায়, মিশর, তুরস্ক ও পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা শুরু করার পর ট্রাম্প বলেছিলেন, ইরানে শাসনব্যবস্থার পরিবর্তনের জন্য ইরানিরা মুখিয়ে আছে।

তিনি সে সময় ইরানি জনগণকে রাস্তায় নেমে দেশের কর্তৃত্ব নেওয়ার আহবান জানিয়েছিলেন।

ভিডিও বার্তায় ট্রাম্প বলেছিলেন, ‘আমি ইরানের সব দেশপ্রেমিক নাগরিককে আহ্বান জানাচ্ছি, আপনারা স্বাধীনতার এই মুহূর্তটি লুফে নিন… এবং আপনাদের দেশ পুনরুদ্ধার করুন।’

Popular

More like this
Related

মিডিয়া কমিটি থেকে বাদ পড়ার পর বিসিবি পরিচালক আমজাদের পদত্যাগ

​মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর বাংলাদেশ...

‘৫ বছর ক্ষমতায় থেকে শোধ নিলাম, এরপর অন্যরা—এই চক্র বন্ধ করতে হবে’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা ‘মামলা বাণিজ্য’ ও...

বন্ধু দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাব দিয়েছে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

আলোচনার জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে বলে...

ট্রাম্পের হামলা বন্ধের নির্দেশের পর ইরান-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা...