ইরানে শহরকেন্দ্র দখলে রাখার প্রস্তুতির আহ্বান রেজা পাহলভির

Date:

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইরানের অপসারিত শাহের ছেলে রেজা পাহলভি ইরানিদের আরও লক্ষ্যভিত্তিক বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন।

রেজা পাহলাভি শনিবার এক ভিডিও বার্তায় বিক্ষোভের ডাক দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

ভিডিও বার্তায় পাহলভি বলেন, ‘আমাদের লক্ষ্য এখন আর শুধু রাস্তায় নামা নয়। লক্ষ্য হলো শহরের কেন্দ্রগুলো দখল ও ধরে রাখার প্রস্তুতি নেওয়া।’ 

তিনি শনিবার ও রোববার আরও কঠোর বিক্ষোভের ডাক দেন।

সংবাদমাধ্যম আল আরাবিয়ার তথ্য অনুযায়ী, শুক্রবারের বিক্ষোভে ব্যাপক জনসমাগমের প্রশংসা করেন পাহলভি। একই সঙ্গে তিনি জানান, নিজেও ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং বিশ্বাস করেন খুব দ্রুতই দেশে ফিরতে পারবেন।

রেজা পাহলভির বাবা মোহাম্মদ রেজা পাহলভিকে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি ১৯৮০ সালে মারা যান।

এদিকে মানবাধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন, ইন্টারনেট সংযোগ বন্ধ করে কর্তৃপক্ষের দমন-পীড়নের মাত্রা আড়াল করা হতে পারে।

নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, চলমান দমন অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন।

ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদিও শুক্রবার সতর্ক করে বলেন, নিরাপত্তা বাহিনী ব্যাপকভাবে গণহত্যা চালানোর প্রস্তুতি নিতে পারে।

অন্যদিকে ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যও নিহত হয়েছেন।

শুক্রবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের কঠোরভাবে আক্রমণ করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র পিছু হটবে না। তিনি এই অস্থিরতা উসকে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।
 
এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। 

ট্রাম্প ইরানের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা গুলি চালানো শুরু করলে আমরাও গুলি চালানো শুরু করব।’

এর আগে জুনে ইসরায়েলের সঙ্গে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রও অংশ নিয়েছিল।

Popular

More like this
Related

একটি জটিল নিলাম তালিকা ও অস্পষ্ট নির্বাচনী মানদণ্ড

গত বছর দেশীয় ক্রিকেটারদের টি-টোয়েন্টি অভিজ্ঞতা বাড়াতে এবং বিপিএল...

হাসিনা আমলে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি এখন গলার কাঁটা: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ...

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় ১০০ শিশু নিহত: জাতিসংঘ

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় বিমান হামলা ও...

আর্সেনালের কাছে হারের পর কেইনের কণ্ঠে প্রতিশোধের বার্তা

লম্বা সময়ের মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বাজে পারফর্ম...