ইরানের বিশেষজ্ঞ পর্ষদ সদস্যরা ইঙ্গিত দিয়েছেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ব্যাপারে সর্বসম্মতিমূলক সিদ্ধান্তের কাছাকাছি আছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিশেষজ্ঞ পর্ষদ দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনে কাজ করছে।
পর্ষদের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ মাহদি মিরবাগেরি ফার্স নিউজ এজেন্সিতে দেওয়া এক ভিডিও বার্তায় বলেছেন, নতুন নেতা নির্বাচনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং সর্বসম্মত মত তৈরি হয়েছে।
পর্ষদের আরেক সদস্য হজ্জাতোলইসলাম জাফারি বলেছেন, তিনি আশা করেন, ইরানিদের জন্য খুব শিগগিরই ভালো সংবাদ আসছে, আশা করছি সবাই এই সিদ্ধান্তে সন্তুষ্ট হবেন।
তিনি আরও বলেন, নতুন নেতা নির্বাচনে দেরি হওয়াটা অনেকের জন্য ‘হতাশাজনক’। কিন্তু সবার কাছে অনুরোধ করব, এই কঠিন সময়ে বিশেষজ্ঞ পর্ষদের বিরুদ্ধে কোনো নেতিবাচক ধারণা করবেন না।
ইরানের সংবিধান অনুযায়ী, কেবল ৮৮ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ পর্ষদ সর্বোচ্চ নেতা নির্বাচন করতে পারে। বর্তমানে পর্ষদ প্রয়োজন অনুযায়ী, এই দায়িত্ব পালন করছে। এই মুহূর্তে সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়া চলছে, যা ১৯৮৯ সালের পর দ্বিতীয়বারের মতো।