ইয়াবাসহ আটক কনস্টেবলকে ছাড়ার অভিযোগ, স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ আদালতের

Date:

চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় একটি চেকপোস্টে ইয়াবাসহ আটক হওয়া এক কনস্টেবলকে ছেড়ে দেওয়ার অভিযোগে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্বপ্রণোদিত হয়ে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিষয়টি তদন্তের নির্দেশ দেন।

আদেশে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনারকে (দক্ষিণ) ছয়টি বিষয় তদন্ত করে আগামী ১২ জানুয়ারি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

আদালতের আদেশে যে ছয়টি বিষয় তদন্ত করতে বলা হয়েছে, সেগুলো হলো—ঘটনাস্থলে ওইদিন কোন কোন পুলিশ সদস্য কর্মরত ছিলেন এবং তৎসমর্থনে তাদের চেকপোস্টের ডিউটি রেজিস্টার, জিডি ও সিসি কপি সংগ্রহ করা; প্রকাশিত সংবাদ অনুযায়ী ঘটনার তারিখ, ঘটনাস্থল ও চেকপোস্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা; সেসময় কোন কোন বাসে তল্লাশি চালানো হয়েছিল এবং তল্লাশিকালে পুলিশ পরিচয় দেওয়া ইমতিয়াজ হোসেনকে প্রকাশিত সংবাদ অনুযায়ী এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছিল কি না; ওই ব্যক্তিকে উল্লিখিত মাদকসহ আটক করার পর ছেড়ে দেওয়া হয়েছে কি না?

এছাড়া ঘটনার সত্যতা বিষয়ে তদন্তকারী কর্মকর্তা স্বাধীনভাবে তদন্ত করবেন, তবে অবশ্যই পত্রিকার সাংবাদিক, যে বাস থেকে অভিযুক্তকে আটক করা হয়েছিল, সেই বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের সাক্ষ্যগ্রহণ করবেন। একইসঙ্গে ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী স্থানীয় কোনো ব্যক্তি পাওয়া গেলে তার সাক্ষ্য গ্রহণ করবেন।

আদেশে আরও বলা হয়, প্রকাশিত সংবাদ অনুযায়ী ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার কী ভূমিকা ছিল এবং মামলা না করার কারণ, উল্লিখিত ইয়াবা জব্দ না করা এবং অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দেওয়ার কারণ কী ছিল এবং ইয়াবার বর্তমান অবস্থান কোথায় এবং কার নির্দেশে ও কার হেফাজতে রয়েছে, তা যাচাই ও সংগ্রহ করবেন।

গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় একটি চেকপোস্টে কক্সবাজার জেলা পুলিশের কনস্টেবল ইমতিয়াজ হোসেন সৌরভকে ঢাকাগামী একটি বাস থেকে আটক করে বাকলিয়া থানা পুলিশের একটি দল। 

অভিযোগ উঠেছে, আটকের সময় তার কাছে থেকে ৯০ হাজার থেকে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। পরে ওই কনস্টেবলকে ছেড়ে দেওয়া হয় এবং উদ্ধার করা মাদক গায়েব হয়ে যায়। 

কনস্টেবল ইমতিয়াজ হোসেন সৌরভ কক্সবাজার জেলার নারী এবং শিশু আদালতের এক বিচারকের গানম্যান হিসেবে কর্মরত।

Popular

More like this
Related

বঙ্গোপসাগরে নৌবাহিনীর মিসাইল ফায়ারিং, নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

বাংলাদেশ নৌবাহিনী আগামী সোমবার ও মঙ্গলবার বঙ্গোপসাগরের কক্সবাজার ও...

পাগলা মসজিদের ১৩ সিন্দুকে এবার মিলল রেকর্ড ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি দান সিন্দুক খুলে ৩৫ বস্তা...

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার সকালে ইনকিলাব...

জামায়াত-এনসিপি আসন সমঝোতা দু-এক দিনেই, নারী নেতাদের আপত্তি

আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত...