ইতিহাস সিটির পক্ষে, বাস্তবতা বলছে অনিশ্চয়তা

Date:

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে এখন মাত্র দুই পয়েন্টের ব্যবধান। শীর্ষে থাকা আর্সেনালকে তাড়া করছে ম্যানচেস্টার সিটি। সাম্প্রতিক ইতিহাস বলছে, এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত সিটিই চ্যাম্পিয়ন হয়। কিন্তু প্রশ্ন উঠছে, এই নতুন সিটি দল কি সেই পুরোনো সিটির মতো টানা জয়ের দৌড় দিতে পারবে?

শনিবার নিউক্যাসল ইউনাইটেদের বিপক্ষে ২–১ গোলের কঠিন জয় শিরোপা লড়াইয়ে বড় মুহূর্ত হয়ে ওঠে, বিশেষ করে পরদিনের নর্থ লন্ডন ডার্বির আগে। কয়েক সপ্তাহ আগে লিভারপুলের মাঠে নাটকীয় জয়ের পর থেকে সিটির ছন্দও স্পষ্টভাবে উন্নত হয়েছে। অন্যদিকে, শীর্ষে থেকেও বারবার হোঁচট খাচ্ছে আর্সেনাল, ফলে জনমনে আবারও সেই পুরোনো ধারণা ফিরে এসেছে: সিটি শেষ দিকে ঝড় তোলে।

তবে সিটির কোচ পেপ গার্দিওলা এতটা আত্মবিশ্বাসী নন। ম্যাচ শেষে তিনি বলেন, “অনেক কিছুই এখনও ঘটতে পারে। আমার মনে হয় না আমরা বাকি সব ম্যাচ জিতব। আর্সেনাল কী করবে জানি না, কিন্তু আমরা সব ম্যাচ জিতব, এমন অনুভূতি আমার নেই।”

আসলে গত কয়েক বছরে সিটি বারবার এমন অবস্থায় শিরোপা জিতেছে। কখনও বসন্তে টানা জয় তুলে আর্সেনালকে ছাড়িয়ে গেছে, কখনও শেষ দিনে লিভারপুলকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে। ২০১৯ সালে শেষ ১৪ ম্যাচ জিতে লিগ জিতেছিল তারা, আর এক মৌসুমে টানা ১৮ জয়ের রেকর্ডও গড়েছিল। তাই সিটির ক্ষেত্রে “শেষ দিকে জ্বলে ওঠা” যেন স্বাভাবিক ঘটনা।

কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। গার্দিওলার মতে, বর্তমান দলে প্রায় ৬০–৭০ শতাংশ নতুন খেলোয়াড়। “আগের মতো অভিজ্ঞতা নেই। আমরা টানা তিন, চার বা পাঁচ ম্যাচ জিততে পারব কিনা,  সেটাও নিশ্চিত নই,” বলেন তিনি।

গত এক বছরে দল ছেড়েছেন অভিজ্ঞ বেশ কয়েকজন তারকা – কেভিন ডি ব্রুইনে, ইলকাই গুণদোয়ান, কাইল ওয়াকার, জ্যাক গ্রিলিশ, এদেরসন ও ম্যানুয়েল আকাঞ্জি। ফলে নেতৃত্ব ও অভিজ্ঞতার বড় অংশ হারিয়েছে দলটি।

বর্তমানে দলের মূল অভিজ্ঞ স্তম্ভ বলতে রয়েছেন রদ্রি, বার্নার্দো সিলভা, রুবেন দিয়াস এবং আরলিং হালান্ড, যারা নেতৃত্বের দায়িত্বে আছেন। কিন্তু পুরো স্কোয়াডটি এখন অনেক তরুণ এবং পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।

এই মৌসুমে সিটির সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতা। বিশেষ করে দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে না দলটি। নিউক্যাসলের বিপক্ষেও সুযোগ নষ্ট করার কারণে ম্যাচ সহজ করতে পারেনি তারা। গার্দিওলা মনে করেন, পিছন থেকে বল বের করার সমস্যাই এর মূল কারণ, আর নতুন খেলোয়াড় বেশি থাকায় অনুশীলনের সময়ও কম।

“এই দল অনেক ভালো কিছু করেছে, কিন্তু ম্যাচ জেতার জন্য প্রয়োজনীয় ধারাবাহিকতা এখনও নেই,” বলেন তিনি।

অন্যদিকে আর্সেনালের দুর্বল ফর্ম শিরোপা দৌড়ের দরজা খুলে দিয়েছে সিটির জন্য। কয়েক সপ্তাহ আগেও যেখানে সিটিকে পিছিয়ে পড়া দল মনে হচ্ছিল, এখন তারা আবার প্রধান দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউক্যাসল ম্যাচের পারফরম্যান্স নিয়ে গার্দিওলার মন্তব্য ছিল বাস্তবসম্মত, “এটা নিখুঁত ম্যাচ ছিল না। আদর্শও নয়। কিন্তু আমরা দল হিসেবে লড়েছি, সেটাই গুরুত্বপূর্ণ।”
 

Popular

More like this
Related

ফার্নেস তেলের দাম লিটারে ১৬ টাকা কমল

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ১৬ টাকা...

সীমান্ত যেখানে শেষ, বসন্ত সেখানে শুরু: কাওসার আহমেদ চৌধুরীর গান-গল্প

‘হাজার ফুলে ছেয়েছে যে পথ/ আমি চিনি, চিনি সে...

ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করতে ব্যর্থ হলে ভয়াবহ সংঘাতের...

জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ইংল্যান্ডের জয়

ব্যাট ও বল, দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে ইংল্যান্ডকে...