ইংল্যান্ড ম্যাচের আগে আচমকা হোটেল বদল হালান্ডদের

Date:

ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে হুট করে হোটেল বদল করেছে গোটা নরওয়ে দল। একাধিক মিডিয়া প্রতিবেদন অনুযায়ী, আগের হোটেলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় টিম ম্যানেজমেন্টকে হোটেল বদলানোর কথা জানান নরওয়ের ফুটবলাররা। 

ইয়াহু স্পোর্টসের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, মায়ামিতে ইংল্যান্ড ম্যাচকে সামনে রেখে শুরুতে ফোর্ট লডারডেলের দ্য ডালমার হোটেলে উঠেছিলেন হালান্ডরা। কিন্তু মাত্র এক রাত পরেই এই হোটেল ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন তারা। কারণ হিসেবে বলা হচ্ছে, হোটেলের বাইরে উচ্চ শব্দে নির্মাণকাজ চলার কারণে খেলোয়াড়েরা ম্যানেজমেন্টের কাছে অভিযোগ জানান এবং হোটেল পরিবর্তনের কথা বলেন। 

অধিনায়ক মার্টিন ওডেগার্ড বলেছেন, ‘কিছু কিছু বিষয় আরেকটু ভালো হতে পারত। আমরা সেগুলো ঠিক করে নিয়েছি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজেদের যথাসম্ভব ভালোভাবে প্রস্তুত রাখার লক্ষ্যে এমনটা করা হয়েছে’। 

ম্যাচের মাত্র একদিন আগে এমন ঘটনা দলের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাতে পারে এমন আশঙ্কা করছেন অনেক সমর্থক। তবে নরওয়ে দলের লজিস্টিকস ম্যানেজার ট্রুলস ডাহেলি আশ্বস্ত করেছেন এমন কিছু ঘটবে না, ‘নতুন হোটেল নিয়ে আমরা সন্তুষ্ট। কেউ কেউ হয়তো ভয় পেতে পারেন যে এতে খেলোয়াড়দের উপর নেতিবাচক প্রভাব পড়বে কী না। তবে এই স্থানান্তর আমাদের চেয়ে খেলোয়াড়েরাই বেশি চেয়েছে’। 

ডাহেলি আরও জানিয়েছেন, মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই পুরো স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারা, ‘এই সময়ে এসে হোটেল পরিবর্তনের ব্যাপারটা আদর্শ নয়, তবে আমরা যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিতে চেয়েছিলাম। খেলোয়াড়দের ভালো পরিবেশে রাখা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা মায়ামিতে এক সপ্তাহ থাকতে যাচ্ছি, এবং নরওয়ের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচটা খেলতে যাচ্ছি। এই পর্যায়ে এসে আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। ফিফা আমাদের হোটেল পরিবর্তনের ব্যাপারে সম্মতি দিয়েছে’। 

নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির স্বার্থে এটা দরকার ছিল বলে মন্তব্য করেছেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড, ‘এটা আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ। এই ম্যাচের আগে আমাদের শতভাগ প্রস্তুত থাকতে হবে। ফিফা আমাদের ব্যাপারটা বুঝেছে। একটু তাড়াহুড়ো করে বদল করতে হয়েছে, কিন্তু আমরা সবাই এখন খুশি’। 

বেইন স্পোর্টসের প্রতিবেদনের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, শব্দদূষণের পাশাপাশি অপরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগের কারণেও তড়িঘড়ি করে হোটেল পরিবর্তন করতে হয়েছে নরওয়েকে। ফিফাকে জানানোর পর তারা দ্রুত এই হোটেল পরিবর্তনে সহায়তা করেছে এবং এ সংক্রান্ত খরচের বেশিরভাগটুকু ফিফাই বহন করবে বলে জানা গেছে। 

 

Popular

More like this
Related

নিখোঁজের ২৫ দিন পর পুরোনো কবরে মিললো ভ্যানচালকের মরদেহ

শরীয়তপুর সদর উপজেলায় নিখোঁজ হওয়ার ২৫ দিন পর এক...

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে...

ফোনে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করার ৬ সহজ উপায়

রাত একটা। মাত্র চোখ দুটো বন্ধ করেছেন তানভীর (ছদ্মনাম)।...

খুচরা যন্ত্রাংশ ঘোষণায় আনা লেক্সাস-বিএমডব্লিউসহ ৪ গাড়ি জব্দ

ব্যবহৃত গাড়ির খুচরা যন্ত্রাংশ ঘোষণার আড়ালে আমদানি করা বিলাসবহুল...