আলোনসোর রিয়াল অধ্যায় শেষ, নতুন কোচ আরবেলোয়া

Date:

বেশ কিছুদিন ধরেই চলছিল গুঞ্জন— পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় রিয়াল মাদ্রিদের কোচের পদ হারাতে পারেন জাবি আলোনসো। এবার তা সত্যি হলো। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের পরদিন পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার অধ্যায়ের অবসান ঘটল। নতুন কোচ নিয়োগের ঘোষণা দিতেও একদমই সময় নিল না রিয়াল। আলভারো আরবেলোয়াকে দায়িত্ব দিল তারা।

সোমবার রাতে পরপর দুটি বিবৃতিতে বিষয়গুলো নিশ্চিত করেছে স্পেন ও ইউরোপের সফলতম ক্লাবটি। প্রথমটিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ঘোষণা দিচ্ছে যে, ক্লাব ও জাবি আলোনসোর মধ্যকার পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মূল দলের কোচ হিসেবে তার মেয়াদের ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সেখানে যোগ করা হয়েছে, ‘আলোনসো সর্বদা সকল মাদ্রিদিস্তার (রিয়ালের সমর্থকদের) ভালোবাসা ও শ্রদ্ধা বহন করবেন। কারণ তিনি রিয়ালের একজন কিংবদন্তি এবং সব সময় আমাদের ক্লাবের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেছেন। রিয়াল সব সময় তার আপন ঘর হয়ে থাকবে। আমরা আলোনসো ও তার সকল কোচিং স্টাফকে এই পুরো সময়ে তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানাতে চাই এবং তাদের জীবনের এই নতুন পর্যায়ে শুভকামনা জানাচ্ছি।’

অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি চলে যাওয়ার পর গত বছরের জুনে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন ছেড়ে রিয়ালের দায়িত্ব নেন ক্লাবটির সাবেক খেলোয়াড় আলোনসো। তবে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে ব্যর্থ হওয়ায় আট মাসও টিকতে পারলেন না। তার অধীনে ৩৪টি ম্যাচ খেলে ২৪টিতে জিতেছে লস ব্লাঙ্কোরা। তারা হেরেছে ছয়টিতে। বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে।

১৯ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। শীর্ষে থাকা বার্সার চেয়ে তারা ৪ পয়েন্ট পিছিয়ে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকায় রিয়ালের অবস্থান সাতে। ছয় ম্যাচ খেলে তারা পেয়েছে ১২ পয়েন্ট। সবশেষ গতকাল রোববার রাতে জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে পরাস্ত হয় রিয়াল।

নতুন কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে রিয়ালের আরেক সাবেক ফুটবলার আরবেলোয়াকে। এতদিন তিনি ক্লাবটির ‘বি’ দলের দায়িত্ব পালন করছিলেন। পরেরটি বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ঘোষণা করছে যে, আলভারো আরবেলোয়া হবেন মূল দলের নতুন কোচ।’

আরবেলোয়া গত বছরের জুন মাসে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার কোচ হন। তার কোচিং ক্যারিয়ারের পুরো সময়টাই কেটেছে ক্লাবটির যুব একাডেমিতে। ২০২০ সালে অনূর্ধ্ব-১৪ দলের মাধ্যমে কোচ হিসেবে যাত্রা শুরু হয়। এরপর ২০২১-২২ মৌসুমে অনূর্ধ্ব-১৬ ও ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব সামলান। এর মধ্যে ২০২২-২৩ মৌসুমে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিনি লিগ, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স কাপসহ ‘ট্রেবল’ জয়ের স্বাদ নেন।

খেলোয়াড় হিসেবে আরবেলোয়া রিয়ালের ইতিহাসের অন্যতম সফল সময়ের সাক্ষী। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩৮টি ম্যাচ খেলেছেন। জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ এবং একটি করে ফিফা ক্লাব বিশ্বকাপ ও লা লিগা। স্পেন জাতীয় দলের সবচেয়ে সফল যুগেরও অংশ ছিলেন আরবেলোয়া। সাবেক এই ডিফেন্ডার জিতেছেন ২০১০ সালের বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

Popular

More like this
Related

নির্বাচনের পর ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই কন্যা—লায়লা আলিয়েভা ও আরজু...

সিলেটকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত রাজশাহীর

প্রথম কোয়ালিফায়ারের স্বপ্ন টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো...

অন্তর্বর্তী সরকারে সন্তুষ্ট ৫৪ শতাংশ মানুষ, উদ্বেগ বেশি দুর্নীতি ও কর্মসংস্থানে

অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার প্রায় ১৫ মাসের...

সমঝোতার পর আগামীকাল মাঠে গড়াচ্ছে বিপিএল

গত দুই দিনের অচলাবস্থার পর অবশেষে মাঠে ফিরছে বিপিএল।...