আরবেলোয়ার অভিষেকেই বিপর্যয়, কোপা দেল রে থেকে বিদায় রিয়ালের

Date:

আলভারো আরবেলোয়ার কোচ হিসেবে প্রথম ম্যাচটাই রিয়াল মাদ্রিদের জন্য হয়ে উঠল দুঃস্বপ্নের। কোপা দেল রের শেষ ষোলোতে দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের কাছে নাটকীয়ভাবে হেরে বিদায় নিতে হলো দলটিকে। বুধবার কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে জেফতে বেতানকোর যোগ করা সময়ের জয়সূচক গোলেই আরবেলোয়ার অভিষেক শেষ হলো চরম হতাশায়।

সোমবার জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেওয়া আরবেলোয়া তার প্রথম ম্যাচেই বড় চ্যালেঞ্জের মুখে পড়েন ৩-২  ব্যবধানের হারে। কিলিয়ান এমবাপে, থিবো কোর্তোয়া, জুড বেলিংহ্যামসহ একাধিক তারকা না থাকায় লা লিগার শক্তিধর দলটি ভুগেছে স্পেনের দ্বিতীয় বিভাগের ১৭তম স্থানে থাকা আলবাসেতের বিপক্ষে।

ম্যাচের শুরু থেকেই ছিল অস্বস্তিকর পরিবেশ। মাঠে নেমেই ঘন কুয়াশা খেলা ব্যাহত করে, প্রতিফলন পড়ে রিয়ালের খেলাতেও। প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি না হলেও ৪২ মিনিটে কর্নার থেকে জাভি ভিয়ারের হেডে এগিয়ে যায় আলবাসেতে। তবে বিরতির ঠিক আগে কর্নার থেকেই ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর কাছ থেকে সমতা ফেরায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে আলবাসেতে আরও সংগঠিত হয়ে রিয়ালকে চাপে রাখে। ৮২ মিনিটে আন্দ্রি লুনিন প্রথমে রিকির শট ঠেকালেও কিছুক্ষণ পরই জেফতে গোল করে স্বাগতিকদের আবার এগিয়ে দেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে গনসালো গার্সিয়ার হেডে মনে হয়েছিল ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। কিন্তু শেষ হাসি হাসেন জেফতেই, লুনিনকে পরাস্ত করে দারুণ এক লবড ফিনিশে এনে দেন ঐতিহাসিক জয়। এটিই ছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে আলবাসেতের প্রথম জয়।

ম্যাচ শেষে হতাশ আরবেলোয়া দায় নিজের কাঁধে নেন, ‘এই ক্লাবে ড্র করাও খারাপ, একটি ট্র্যাজেডি। আর এমন হার তো আরও যন্ত্রণাদায়ক। বিশেষ করে নিচের ডিভিশনের দলের বিপক্ষে হলে। এই ফলাফলের জন্য যদি কেউ দায়ী হয়, সে আমি। দল নির্বাচন, কৌশল, বদলি, সব সিদ্ধান্তই আমার। আমি ব্যর্থতাকে ভয় পাই না। ব্যর্থতা সফলতার পথেরই অংশ।’

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ আলোনসোর জায়গায় রিজার্ভ দলের কোচ আরবেলোয়াকে নিয়োগ দেন। এই ম্যাচে তিনি রিজার্ভ দল থেকে জর্জে সেস্তেরো ও ডেভিড হিমেনেসকে একাদশে রাখেন এবং লেভান্তের বিপক্ষে লিগ ম্যাচের কথা ভেবে বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দেন। সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও আরবেলোয়ার সাফ কথা, ‘আমি আবারও একই সিদ্ধান্ত নিতাম। আমি জয়ের সক্ষম দলই নামিয়েছিলাম।’

রিয়াল অধিনায়ক দানি কারভাহালও স্বীকার করেন, দলটি সেরা সময় পার করছে না। ‘আমরা আমাদের মান অনুযায়ী খেলতে পারিনি। সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। সামনে ঘুরে দাঁড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব,’ বলেন তিনি।

অন্য ম্যাচগুলোতে রিয়াল বেতিস ২–১ গোলে এলচেকে হারিয়ে এবং আলাভেস ২–০ ব্যবধানে রায়ো ভায়েকানোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা বৃহস্পতিবার দ্বিতীয় বিভাগের শীর্ষ দল রেসিং সান্তান্দারের মাঠে নামবে।

Popular

More like this
Related

বিগ ব্যাশে চমক দেখিয়ে অস্ট্রেলিয়া দলে বিয়ার্ডম্যান, এডওয়ার্ডস

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে পাকিস্তান সফরের জন্য ১৭...

কাজীপুরে ওয়াজ মাহফিলে জামায়াত–বিএনপির সংঘর্ষের অভিযোগ, আহত ১৫

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ওয়াজ মাহফিলে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের...

আক্রমণের পর রক্ষণেও শক্তি বাড়াল সিটি, দলে নিল গেহিকে

ম্যানচেস্টার সিটি সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ক্রিস্টাল প্যালেস...

বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজারকে অপহরণ

বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্র এলাকায় মেঘদুয়ারি রিসোর্টের মালিক বাবু...