আমেরিকা বয়কট করবে ইরান, বিশ্বকাপ নয়

Date:

রাজনৈতিক উত্তেজনার আবহে যখন ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তখনই স্পষ্ট বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রকে বয়কট করার ঘোষণা এলেও, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই, এ কথা জোর দিয়ে জানিয়েছেন দেশটির ফুটবল প্রধান মেহদি তাজ।

বুধবার এক বক্তব্যে মেহদি তাজ বলেন, ইরানের জাতীয় দল ‘টিম মেল্লি’ বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না। যদিও যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ খেলতে আপত্তি রয়েছে তাদের। ‘আমরা আমেরিকাকে বয়কট করব, কিন্তু বিশ্বকাপকে নয়,’ সাফ জানিয়ে দেন তিনি।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যেই ইরান প্রথমদিকেই চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে। তবে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকেই তাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছিল।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা রয়েছে। তবে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) এই ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য ফিফার সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন তাজ।

এদিকে প্রস্তুতির অংশ হিসেবে বর্তমানে তুরস্কে ক্যাম্প করছে ইরান দল। সেখানেই দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। এছাড়া চার জাতির একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নিতে ২৭ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে এবং চার দিন পর কোস্টারিকার বিপক্ষে খেলবে তারা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে এই টুর্নামেন্টটি জর্ডান থেকে সরিয়ে তুরস্কের আন্তালিয়ায় নেওয়া হয়েছে।

অন্যদিকে, নারী দলের ঘটনাও আলোচনায় এসেছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপ শেষে দেশে ফেরার পথে নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানি নারী ফুটবলারদের আশ্রয়ের প্রস্তাব দিয়েছিল স্বাগতিক দেশটি। সাতজন সেই প্রস্তাব গ্রহণ করলেও শেষ পর্যন্ত মাত্র দুজন থেকে গেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তিনি একদিকে ইরানি পুরুষ দলকে যুক্তরাষ্ট্রে খেলতে স্বাগত জানান, অন্যদিকে তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও উল্লেখ করেন। যদিও পরে তিনি স্পষ্ট করেন, কোনো হুমকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসবে না।

তবে ট্রাম্পের এই বক্তব্যকেই ইরানের পক্ষ থেকে ভেন্যু পরিবর্তনের দাবির অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। ইতোমধ্যে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানিয়েছেন, প্রয়োজন হলে তাদের দেশ ইরানের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত।

সবশেষে সিদ্ধান্ত নেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানিয়েছে, তারা ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রাখছে, তবে ঘোষিত সূচি অনুযায়ীই সব দল অংশ নেবে, এমনটাই প্রত্যাশা তাদের।

একইসঙ্গে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রোর এশিয়া-প্যাসিফিক প্রধান বো বুশ মনে করেন, বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড় ও সমর্থকের নিরাপত্তা নিশ্চিত করা ফিফার দায়িত্ব। তার ভাষায়, ‘মানবাধিকার রক্ষা এবং ঝুঁকি নিরূপণ করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’
 

Popular

More like this
Related

হঠাৎ বৃষ্টি ও লোকসানের ভারে ম্লান ঠাকুরগাঁওয়ের আলু চাষিদের ঈদ

চারদিকে ঈদের কেনাকাটার ধুম পড়লেও ঠাকুরগাঁওয়ের আলু চাষিদের চোখেমুখে এখন...

রাজধানীতে চলন্ত প্রাইভেট কার থেকে ব্যাগ টান, রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর উত্তরায় চলন্ত প্রাইভেট কার থেকে ছিনতাইকারী ব্যাগ ধরে...

শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা: শ্রমমন্ত্রী

দেশে প্রথমবারের মতো কোনো কল-কারখানায় শ্রমিক অসন্তোষ হয়নি মন্তব্য...

রিয়ান পরাগের মতে স্যামসনের অভাব কোহলির মতো

এবারের আইপিএল শুরুর আগে রাজস্থান রয়্যালস শিবিরে সবথেকে বড়...