আমি রেফারিকে নিয়ে কথা বলতে চাই না: ফ্লিক

Date:

জিরোনার কাছে পরাস্ত হওয়ার পর বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক নিজের দলের পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেছেন। তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন, স্প্যানিশ পরাশক্তিরা বর্তমানে তাদের সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে না।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে গত বুধবার অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয় বার্সা। শিষ্যদের কাছে সেই ধাক্কা থেকে থেকে ঘুরে দাঁড়ানোর তাড়না দেখতে চেয়েছিলেন জার্মান কোচ ফ্লিক। কিন্তু গতকাল সোমবার রাতে ফের হতাশ করে লা লিগায় জিরোনার মাঠে ২-১ ব্যবধানে হেরে গেছে দলটি।

রোমাঞ্চকর ম্যাচের সবকটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। পাও কুবার্সির গোলে বার্সা এগিয়ে গেলেও দ্রুতই সমতা ফেরান থমাস লেমার। তবে শেষদিকে ফ্রান বেলত্রানের করা জয়সূচক গোলটি নিয়ে এখন তীব্র বিতর্ক চলছে। ভিডিও রিপ্লেতে দেখা গেছে, গোলের ঠিক আগে জিরোনার ক্লদিও এচেভেরি বার্সেলোনার জুল কুন্দের পা মাড়িয়ে দেন। ফলে কুন্দে বল দখলের লড়াইয়ে সফল হতে পারেননি।

বার্সেলোনার জোরাল আবেদন সত্ত্বেও রেফারি ওই ফাউলে সাড়া দেননি। এমনকি ভিএআরও ঘটনাটি পর্যালোচনার দরকার মনে করেনি। তবে এই প্রসঙ্গে ম্যাচশেষে কথা বাড়াতে চাননি ফ্লিক, ‘আমি রেফারিকে নিয়ে কথা বলতে চাই না। ম্যাচটি সবাই দেখেছে।’

পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে ফ্লিক আঙুল তোলেন শিষ্যদের দিকে, ‘আমরা রক্ষণভাগে খুব বাজে খেলেছি, বিশেষ করে ট্রানজিশনের সময় (আক্রমণ থেকে রক্ষণে ফেরার মুহূর্তে)। আমাদের পজিশন ঠিক ছিল না এবং জিরোনার আক্রমণ সামলাতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে।’

তিনি যোগ করেন, ‘আমাদের প্রয়োজন ছিল আরও নিয়ন্ত্রণ রাখা এবং কম ভুল করা। প্রথমার্ধে আমরা বেশ কিছু সুযোগ পেয়েছিলাম। কিন্তু এই ধরনের ম্যাচগুলো জেতার জন্য যে ক্ষুধার প্রয়োজন, আমাদের তা দেখাতে হবে।’

এই হারে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফেরা হলো না কাতালানদের। চলমান আসরে চতুর্থ হারের তেতো স্বাদের পর ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়েই থাকছেন লামিন ইয়ামাল-রবার্ত লেভানদোভস্কিরা। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

ক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়ে ফ্লিক বলেন, ‘আমরা ভালো করছি না। আমরা কোনো ভালো সময়ের মধ্যে নেই। পরের ম্যাচের আগে আমাদের হাতে কাজ করার জন্য এক সপ্তাহ সময় আছে এবং আমরা সেটাই করব। আগামী সপ্তাহগুলোতে ভিন্ন মানসিকতা ও উঁচু মান নিয়ে ফিরে আসার জন্য আমরা লড়াই করব।’

সবশেষে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ‘আমরা ভালো খেলিনি। আমি কোনো অজুহাত দিতে চাই না। আমাদের আরও ভালো ফুটবল খেলতে হবে।’

Popular

More like this
Related

রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পহেলা রমজান...

ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ...

সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে...

মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ পেলেন যারা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস...