আমি আগেও বলেছি, বিসিবি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল: প্রতিমন্ত্রী আমিনুল

Date:

সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল হক নবনির্বাচিত বিএনপি সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ও বর্তমান কমিটির বৈধতা নিয়ে আগে থেকেই সমালোচনা করে আসছিলেন দেশের এই কিংবদন্তি গোলরক্ষক। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরপরই তিনি বিসিবির গত নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ’ বলে আখ্যা দিলেন।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন আমিনুল। শপথ গ্রহণ শেষে মিরপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেট বোর্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন তিনি।

বিসিবি নির্বাচন নিয়ে আমিনুল বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচন আমি আগেও বলেছি যে, এটা প্রশ্নবিদ্ধ ছিল। এটা নিয়ে আমরা বসব, বসে আলোচনা করব। আমরা ভালোর দিকে যেতে চাই। দ্রুত সময়ের ভেতরে (প্রয়োজনীয় পদক্ষেপ) করব।’

আমিনুলের বক্তব্যে বিসিবিতে যখন পরিবর্তনের হাওয়ার সুর, তার আগের দিনই পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়েন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাজধানীর একটি হোটেলে বিসিবি নির্বাচনের পর পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক ক্রিকেট অধিনায়ক বুলবুল। তার বিপক্ষে আর কোনো প্রার্থী লড়াই করতে চাননি। এর মাত্র চার মাস আগে ফারুক আহমেদকে সরিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে তিনি বিসিবিতে এসে সভাপতি হন।

ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় আইসিসির সিদ্ধান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পর থেকেই বিসিবিতে অস্থিরতা চরম আকার ধারণ করেছে। একদিকে বোর্ড পরিচালকদের অভ্যন্তরীণ কোন্দল, অন্যদিকে সংবাদমাধ্যমের সঙ্গে বোর্ডের বৈরী সম্পর্ক— সব মিলিয়ে এক নাজুক পরিস্থিতি বিরাজ করছে।

ভারতের সঙ্গে বিদ্যমান সমস্যা বা কূটনৈতিক সম্পর্ক নিয়েও আমিনুল জানান নিজের মতামত, ‘আমি দায়িত্ব নেওয়ার পরপরই ভারতের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করেছি এবং বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের কথা বলেছি। আমরা চাই, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ক্রীড়াঙ্গনের সমস্যাগুলো সমাধান করতে। আর ক্রিকেটের ক্ষেত্রে আইসিসির নিয়ম মেনে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Popular

More like this
Related

রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পহেলা রমজান...

ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ...

সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে...

মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ পেলেন যারা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস...