আবুল মনসুর আহমদের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

Date:

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৯ সালের ১৮ মার্চ তিনি ঢাকায় ইন্তেকাল করেন। এর আগে ১৮৯৮ সালের ৩ সেপ্টেম্বর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামে তার জন্ম।

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা আবুল মনসুর আহমদ ছিলেন একাধারে একজন সাহিত্যিক, রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক। তিনি ১৯৪৬ সালে অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ‘কৃষক’, ‘নবযুগ’ ও ‘ইত্তেহাদ’র সম্পাদক ছিলেন এবং তিনি ছিলেন আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার এক অগ্রপথিক।

রাজনীতিবিদ হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত সফল। শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী এবং ১৯৫৭ সালে প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পূর্ব বাংলার স্বার্থ রক্ষা, বিশেষ করে শিল্পায়নের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।

তার রচনা সম্ভারের মধ্যে রয়েছে বিখ্যাত বিদ্রূপাত্মক রচনা ‘আয়না’, ‘আসমানী পর্দা’, ‘গালিভারের সফরনামা’ ও ‘ফুড কনফারেন্স’। আরও রয়েছে বাংলার সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের ওপর বিখ্যাত রচনাবলী। তার আত্মজীবনীমূলক দুটি গ্রন্থ হচ্ছে ‘আত্মকথা’ ও ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’

আবুল মনসুর আহমদ চল্লিশ, পঞ্চাশ ও ষাট-এর দশকজুড়ে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার স্বপক্ষে যে অবিরাম প্রচারণা চালিয়েছিলেন, তা তুলনাহীন। পাকিস্তানের প্রথম দিকে বিরোধী দলীয় আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি ছিলেন আওয়ামী লীগের প্রথম সারির একজন নেতা।

চল্লিশের দশকের শুরু থেকেই ভাষা নিয়ে লেখালেখি করছিলেন আবুল মনসুর আহমদ। ‘ইত্তেহাদ’ সম্পাদক হিসেবে ভাষা আন্দোলনে তার গভীর অবদান রয়েছে। দেশভাগের চার বছর আগেই পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, তা নিয়ে নানা রচনার মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করা যুক্তফ্রন্টের (শেরেবাংলা ফজলুল হক, মওলানা ভাসানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী সমন্বয়ে গঠিত) নির্বাচনী ইশতেহার ‘একুশ দফা’ তিনিই রচনা করেছিলেন।

এই একুশ দফা ছিল তৎকালীন পাকিস্তানের পূর্বাংশের বাঙালিদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দাবির প্রথম পূর্ণাঙ্গ উপস্থাপন। রাজনৈতিক কারণে পঞ্চাশের দশকের শেষ দিকে এবং ষাটের দশকের শুরুর দিকে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসনামলে আবুল মনসুর আহমদকে বেশ কয়েকবার কারাবরণ করতে হয়।

Popular

More like this
Related

‘অসম্পূর্ণ’ ম্যান সিটি আগের মতো নেই, বললেন গার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগ থেকে টানা তৃতীয়বারের মতো বিদায়, তবু হতাশার...

লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে ‘ক্লাস্টার ওয়ারহেড’ দিয়ে ইরানের হামলা

ইরানের নিরাপত্তাপ্রধান আলি লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল...

জ্বালানি সংকট নেই, যাত্রীদের অভিযোগও কম: সড়ক পরিবহনমন্ত্রী

গণপরিবহনে জ্বালানির কোনো সংকট নেই এবং যাত্রীদের অভিযোগের সংখ্যাও...

আমিরাতে খোলা ময়দানে হবে না ঈদ জামাত

মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতে আজ সন্ধ্যায় চাঁদ দেখা...