আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মাতৃভাষায় শিক্ষার দাবিতে চবিতে মানববন্ধন

Date:

সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও আদিবাসীদের নিজস্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চবি শাখা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। 

পিসিপি চবি শাখার সভাপতি অন্বেষ চাকমার সভাপতিত্বে এবং তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঋষণ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের সাধারণ সম্পাদক শেখ জুনায়েদ কবির, পিসিপি চবি শাখার সাধারণ সম্পাদক রিবেক চাকমা এবং রঁদেভূ শিল্পীগোষ্ঠীর সভাপতি জাল্লাং এনরিকো কুবি। এতে স্বাগত বক্তব্য দেন পিসিপি চবি শাখার সাংগঠনিক সম্পাদক প্রেনঙি ম্রো।

বক্তব্যে রিবেক চাকমা বলেন, ভাষা আন্দোলনের সময় বাঙালি জাতি পাকিস্তানি শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দিয়েছিল। কিন্তু স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও অধিকার আজও অবহেলিত। বাংলাদেশ শুধু বাঙালিদের নয়, মারমা, চাকমা, ম্রো ও মাহাতোসহ সব জাতিসত্তার।

তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবে বান্দরবানের ‘রেংমিটচ্য’ ভাষা আজ বিলুপ্তির পথে। তাই অবিলম্বে আদিবাসী শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

জাল্লাং এনরিকো কুবি বলেন, নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় পর্যাপ্ত রাষ্ট্রীয় উদ্যোগ না থাকায় দেশের জাতিগত বৈচিত্র্য আজ হুমকির মুখে। বম সম্প্রদায়ের সদস্যদের বিনা বিচারে আটক রাখা এবং মধুপুরে গারোদের জমি দখলের অভিযোগ তুলে ধরে তিনি এসব জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও অধিকার রক্ষায় উচ্চপর্যায়ের নীতিগত সিদ্ধান্তের দাবি জানান।

সভাপতির বক্তব্যে অন্বেষ চাকমা বলেন, ভাষাই একটি জাতির পরিচয়ের ভিত্তি। স্বাধীনতার ৫৬ বছর পরও আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অভিযোগ করে তিনি আদিবাসী শিশুদের জন্য মাতৃভাষায় শিক্ষা এবং সংবিধানে তাদের পৃথক জাতিগত সত্তা হিসেবে স্বীকৃতির দাবি জানান।

মানববন্ধনের আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি মিছিল বের করা হয়, যা জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

 

Popular

More like this
Related

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের পৃথক হামলায় অন্তত ১২...

প্রকৃতি ও মানুষের মঙ্গল কামনায় বট-পাকুড়ের বিয়ে

উৎসবমুখর পরিবেশে বিশ্বাস ও লোকাচারের এক অনন্য মেলবন্ধনে ঠাকুরগাঁওয়ে...

একটি মহল প্রশাসনে থেকে গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে: তথ্যমন্ত্রী

প্রশাসনের একটি মহল গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে বলে মন্তব্য...

আদিবাসী ভাষা শিক্ষা শুধু কাগজে-কলমেই

সিলেট বিভাগে আদিবাসী শিশুদের জন্য মাতৃভাষায় পাঠ্যপুস্তক চালু হলেও...