‘অসম্পূর্ণ’ ম্যান সিটি আগের মতো নেই, বললেন গার্দিওলা

Date:

চ্যাম্পিয়ন্স লিগ থেকে টানা তৃতীয়বারের মতো বিদায়, তবু হতাশার মাঝেও ভবিষ্যতের আশা দেখছেন পেপ গার্দিওলা। তার চোখে, এই ম্যানচেস্টার সিটি এখনও ‘অসম্পূর্ণ’, আর পুরনো সাফল্যের উচ্চতায় পৌঁছাতে তাদের দরকার শুধু সময়।

ইতিহাদে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ম্যাচের চিত্র বদলে যায় শুরুতেই। অধিনায়ক বের্নার্দো লাল কার্ড দেখলে সিটির লড়াইকে আরও কঠিন করে তোলে।

তবে এই বিদায়ের বীজ বপন হয়েছিল আগেই। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ফেদেরিকো ভালভার্দের হ্যাটট্রিকে বড় ব্যবধানে পিছিয়ে পড়েছিল সিটি। ফলে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ খুব একটা ছিল না।

গার্দিওলার মতে, সিলভার লাল কার্ড ম্যাচটিকে প্রকৃত অর্থে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে দেয়নি। ‘আমরা আসলে রিয়ালকে ঠিকভাবে পরীক্ষা করার সুযোগই পাইনি,’ ম্যাচ শেষে বলেন গার্দিওলা।

গত মৌসুমে দুই দলের মুখোমুখি লড়াইয়ে যেখানে মোট ৬-৩ গোলের ব্যবধান ছিল, এবার লড়াইটা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল বলেই মনে করেন সিটি কোচ।

গত কয়েকটি ট্রান্সফার উইন্ডোতে বড়সড় দলবদলের মধ্য দিয়ে যাচ্ছে সিটি। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত টানা চারটি প্রিমিয়ার লিগ জয়ী দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই এখন আর দলে নেই। সিলভা সেই পুরনো কোরের অল্প কয়েকজনের একজন।

‘আমরা এখনও সম্পূর্ণ দল নই, এটাই বাস্তবতা। কিছু মুহূর্তে আমাদের আরও নিখুঁত হতে হবে। তবে আমার বিশ্বাস, এটা সময়ের ব্যাপার মাত্র,’ বলেন গার্দিওলা।

যদিও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, তবুও সামনে সুযোগ রয়েছে ঘুরে দাঁড়ানোর। রোববার লিগ কাপের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে সিটি। প্রিমিয়ার লিগে গানার্সদের থেকে ৯ পয়েন্ট পিছিয়ে থাকলেও লড়াই এখনও শেষ হয়ে যায়নি। সামনে এফএ কাপে লিভারপুলের বিপক্ষেও বড় ম্যাচ অপেক্ষা করছে।

এক দশকে ১৫টি বড় শিরোপা জেতা গার্দিওলার সাফল্যের ঝুলিতে চ্যাম্পিয়ন্স লিগ আছে মাত্র একটি (২০২২/২৩ মৌসুম)। তবে তার লক্ষ্য আরও বড়, রিয়াল মাদ্রিদের মতো মানসিকতা গড়ে তোলা।

‘আমি চাই এই ক্লাবটাও রিয়ালের মতো হোক, যেখানে চ্যাম্পিয়ন্স লিগ না জিতলে সেটাকে ব্যর্থতা ধরা হয়। ওটাই আসল চাপ। সিটিতে এখনও সেই প্রত্যাশা নেই। তবে সময়ের সঙ্গে হয়তো সেটাও আসবে,’ বলেন এই স্প্যানিশ কোচ। 

Popular

More like this
Related

চাপ বাড়লেও যানজট নেই টাঙ্গাইলে, গণপরিবহন সংকটে ভোগান্তি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের...

ঈদের ছুটিতে চা-বাগানের হাতছানি

ঈদের টানা ছুটিতে পর্যটকদের ঢল নামার অপেক্ষায় সিলেটের সবুজে...

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরের কয়েক জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

বগুড়ার আদমদীঘি উপজেলায় নীলসাগর এক্সপ্রেসের আটটি বগি লাইনচ্যুত হয়েছে।...

যে কারণে মধ্যপ্রাচ্য থেকে ফিরে যাচ্ছে মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড

মার্কিন নৌবহরের অত্যাধুনিক রণতরি জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্যে মোতায়েন...