মঙ্গলবার মালের মালদ্বীপ ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করেছে লাল-সবুজের দল। বাংলাদেশের জার্সি গায়ে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করে দারুণ ঝলক দেখিয়েছেন রোনান সালিভান।
ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির ১৮ বছর বয়সী এই স্ট্রাইকার স্টাইলিশ ভঙ্গিতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। ম্যাচের ৫৪ মিনিটে এক দুর্দান্ত ফ্রি-কিক থেকে ডেডলক ভাঙেন তিনি। এর আগে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে অনেকটা এগিয়ে থাকলেও সেই আধিপত্যকে গোলে রূপান্তর করতে পারছিল না বাংলাদেশ।
এর ১৩ মিনিট পর শেখ সংগ্রামের চমৎকার এক ক্রস থেকে বক্সের ভেতর ফাঁকায় দাঁড়িয়ে হেডে গোল করে জয় নিশ্চিত করেন সালিভান।
মার্ক কক্সের শিষ্যদের পুরো তিন পয়েন্ট এনে দেওয়ার জন্য এই জোড়া গোলই যথেষ্ট ছিল। তবে প্রথমার্ধে মাঠের খেলায় আরও বেশি বোঝাপড়া ও সাবলীলতা থাকলে বাংলাদেশ আরও বড় ব্যবধানে জিততে পারত।
সেন্টার-ফরোয়ার্ড হিসেবে খেলা রোনান পুরো ম্যাচে বল খুব বেশি পায়ে না পেলেও নিজের জাত চেনাতে তার ঐ দুটি মুহূর্তই যথেষ্ট ছিল। ৮৯ মিনিটে যখন এই দীর্ঘদেহী ফরোয়ার্ড মাঠ ছাড়ছিলেন, তখন গ্যালারিতে থাকা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি করতালিতে তাকে অভিনন্দন জানান। অন্যদিকে তার যমজ ভাই ডেক্লানকে এদিন সাইডলাইনে বসেই ম্যাচটি দেখতে হয়েছে।
পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করা বাংলাদেশ আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। তবে গোলের দেখা পাওয়ার আগে সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট হয় যখন মুরশেদ আলীর একটি শট গোললাইনে এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে।
ম্যাচের ৬০ মিনিটে সমতায় ফেরার আশা জাগিয়েছিল পাকিস্তান। একটি উচু বল থেকে গোলরক্ষক ইসমাইল হোসেনের ওপর দিয়ে হেডে বল জালে জড়ান খোবাইব খান। তবে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ হওয়ায় রেফারি ফাউলের বাঁশি বাজিয়ে গোলটি বাতিল করেন।
আগামী শনিবার গ্রুপ ‘বি’-তে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।