অফার সামলাতে না পেরে বন্ধ হয় নবীন ফ্যাশন, দাবি মালিক সমিতির

Date:

‘মব’ সৃষ্টি করে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার মার্কেটের পোশাকের দোকান ‘নবীন ফ্যাশন’ বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির মালিক এনামুল হাসান নবীন।

কম দামে পাঞ্জাবি বিক্রি করায় ব্যবসায়ী ‘সিন্ডিকেটের’ হুমকির কারণে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন অভিযোগ তুলে গত ২৪ মার্চ রাতে তিনি চীন চলে যান।

এবার নবীনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে বিশাল সেন্টারের দোকান মালিক সমিতি।

তাদের অভিযোগ, কম দামে পাঞ্জাবি বিক্রির কারণে হুমকি পেয়ে নয়, বরং পূর্ব ঘোষণা ছাড়া একটি ‘ধামাকা অফার’ দেওয়ার পর মার্কেটে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল নবীন ফ্যাশন।

ওই অফার সামাল দিতে না পেরে নবীনের কর্মীরাই নিরাপত্তাজনিত কারণে দোকান বন্ধ করে দিয়েছিলেন বলে দাবি করেছে মালিক সমিতি।

আজ শনিবার বিশাল সেন্টার দোকান মালিক সমিতি সংবাদ সম্মেলন করে এ দাবি করেন।

মালিক সমিতি জানায়, ২০ মার্চ দুপুরে নবীন ফ্যাশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে অফার ঘোষণা করে, ‘দুটি কিনলে চারটি ফ্রি, সঙ্গে রিকশায় এলে রিকশাভাড়া এবং মোটরসাইকেল চালকদের জন্য ৯৫০ টাকা দামের এরাবিয়ান ইঞ্জিন অয়েল ফ্রি’।

সমিতির নেতারা বলেন, ওইদিন জুমার নামাজের পর এই অফার নিতে মুহূর্তের মধ্যে অন্তত ২০০ মোটরসাইকেলসহ অসংখ্য ক্রেতা মার্কেটে জড়ো হন। এতে রাস্তায় অস্বাভাবিক যানজট ও মার্কেটের পার্কিংয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নিরাপত্তাকর্মীরাও হিমশিম খান।

তারা বলেন, একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে না পেরে বিকেল ৫টার দিকে নবীন ফ্যাশন তাদের পেজে মোটরসাইকেল চালকদের ইঞ্জিন অয়েল দেওয়া বন্ধ ঘোষণা করে। এতে উপস্থিত মোটরসাইকেল চালকরা ক্ষুব্ধ হয়ে মারমুখী আচরণ শুরু করেন। অবস্থা বেগতিক দেখে নবীন ফ্যাশনের কর্মীরা নিজেদের নিরাপত্তার স্বার্থে দোকানের সামনের শার্টার বন্ধ করে দেন।

মালিক সমিতির দাবি, শার্টার বন্ধ করে দেওয়ায় নবীনের ক্রেতারা পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করলে অন্য ক্রেতারা আতঙ্কিত হয়ে মার্কেট ছাড়তে শুরু করেন।

এ সময় সমিতির নেতারা পুলিশ নিয়ে পেছনের দরজা দিয়ে নবীন ফ্যাশনে প্রবেশ করে কর্মীদের কাছে জানতে চান, সমিতিকে না জানিয়ে কেন এমন অফার দেওয়া হলো। তখন উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। নেতারা দোকানের মালিক নবীনকে মার্কেটে আসার অনুরোধ করলেও তিনি আসেননি বা সমিতির কারও সঙ্গে যোগাযোগও করেননি বলে দাবি করে মালিক সমিতি।

ঈদের ছুটিতে মার্কেট বন্ধ থাকাকালে নবীন ফ্যাশনের মালিকের ফেসবুক লাইভের প্রসঙ্গ টেনে মালিক সমিতি জানায়, ‘কম দামে পাঞ্জাবি বিক্রির কারণে অন্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিয়েছেন বলে নবীন সাহেব যে তথ্য দিয়েছেন, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।’

সমিতি জানায়, ‘নবীন ফ্যাশন গত তিন বছর ধরে ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা দামে পাঞ্জাবি বিক্রি করছে। পণ্যের দাম নিয়ে বিশাল সেন্টারের কোনো ব্যবসায়ী বা সমিতির আপত্তি ছিল না বা নেই। একজন ব্যবসায়ী কী দামে পণ্য বিক্রি করবেন, তা তার নিজস্ব ব্যাপার।’

সমিতি থেকে নবীন ফ্যাশানে কোনো তালা লাগানো হয়নি দাবি করে সমিতির নেতারা বলেন, ‘২৬ মার্চ সকালে নবীন ফ্যাশনের ম্যানেজার নিজ হাতে দোকানের তালা খুলেছেন।’

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৬ মার্চ নবীন ফ্যাশনের মালিক ফেসবুকে লাইভে এসে পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং বিষয়টি আর বাড়াতে চান না বলে জানিয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে বিশাল সেন্টার দোকান মালিক সমিতি নবীন ফ্যাশানের মালিককে বাংলাদেশ দোকান মালিক সমিতির মাধ্যমে সুষ্ঠু সমাধান করে নিজ ব্যবসায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন হেলাল, মহাসচিব জহির উদ্দিন ভূঁইয়া, বিশাল সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেনসহ অন্য ব্যবসায়ীরা।

দ্য ডেইলি স্টার সমিতির এসব অভিযোগ সম্পর্কে মন্তব্য জানতে এনামুল হাসান নবীনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। তবে, তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে, নবীন ফ্যাশনের ফার্মগেট ব্রাঞ্চের দায়িত্বশীল কর্মকর্তা মোহাম্মদ জুয়েল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চাঁদ রাতে অফারের যে অভিযোগ করা হয়েছে, তা সত্য। তবে ২০০ মোটরসাইকেল ভিড় করার যে দাবি করা হয়েছে, সেটা মিথ্যা।’

তিনি বলেন, ‘২০টির মতো মোটরসাইকেল এসেছিল। এরপর মার্কেটের ব্যবসায়ীরা পুলিশকে সঙ্গে নিয়ে বিকেল ৪টার দিকে আমাদের দোকান বন্ধ করে দেয়।’

Popular

More like this
Related

মধ্যপ্রাচ্যে ইউক্রেনের প্রতিরক্ষা চুক্তি, ইরানকে উন্নত ড্রোন দিচ্ছে রাশিয়া

মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও কাতারের সঙ্গে ইতোমধ্যে ১০ বছর...

একদুয়ারিয়ার গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকরা

নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া গ্রামে গত তিন বছরে অন্তত...

হাতে স্কুলব্যাগ, নিহত শিশুদের স্মরণে ইরানের ব্যতিক্রমী শ্রদ্ধা

মাঠে ফুটবল, কিন্তু হৃদয়ে গভীর শোক, এমন আবহেই ম্যাচ...

ডিজেলের অভাবে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা

শরীয়তপুরে জ্বালানি তেলের তীব্র সংকটে টানা দুই দিন বন্ধ...