‘অতিরিক্ত স্মার্ট হতে গিয়ে’ ডুবেছে ভারত, রাহানের সমালোচনা

Date:

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের বড় হারের পর টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক আজিঙ্কা রাহানে। বিশেষ করে দলের সহ-অধিনায়ক ও ইন-ফর্ম স্পিনার অক্ষর প্যাটেলকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্তটি মানতে পারছেন না তিনি।

রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানে বিধ্বস্ত হয় ভারত। প্রোটিয়াদের টপ অর্ডারে বাঁহাতি ব্যাটারদের আধিক্য দেখে অফ-স্পিনার ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সিদ্ধান্ত নেয় গৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ম্যানেজমেন্ট। তবে এই ‘ম্যাচ-আপ’ তত্ত্ব হিতে বিপরীত হয়েছে।

ক্রিকবাজে আলাপকালে রাহানে তার বিস্ময় প্রকাশ করে বলেন, ‘অক্ষর প্যাটেল না খেলায় আমি সত্যিই অবাক। আমি বুঝতে পারছি না কী হচ্ছে। ওয়াশিংটন সুন্দর অবশ্যই ভালো খেলোয়াড়, তাঁর বিরুদ্ধে কেউ নয়। কিন্তু অক্ষর বিভিন্ন পরিস্থিতিতে দারুণ পারফর্ম করে আসছে। দল নির্বাচনের ক্ষেত্রে যখন আপনি অতিরিক্ত স্মার্ট হতে যান, সেটি আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে।’

দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের উদাহরণ টেনে রাহানে বলেন, ‘অফ-স্পিনার হলেই যে বাঁহাতিদের বিপক্ষে ভালো বল করবে, এমন কোনো নিশ্চয়তা নেই। বাঁহাতিদের বিপক্ষে অক্ষরের রেকর্ড যথেষ্ট ভালো। আপনি যখন অতীত রেকর্ড এবং মানসম্পন্ন খেলোয়াড়কে বাদ দিয়ে কেবল তাত্ত্বিক সমীকরণ মেলাতে যান, তখন এমনটাই ঘটে।’

ম্যাচে সুন্দর মাত্র ২ ওভার বল করে ১৭ রান খরচ করেন, যেখানে ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিসরা তাঁকে বেশ সহজেই সামলেছেন। অন্যদিকে জাসপ্রিত বুমরাহ শুরুতে কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনকে ফিরিয়ে আশা জাগালেও মিডল অর্ডারে সুন্দরের নির্বিষ বোলিং ভারতকে চাপে ফেলে দেয়।

রাহানে আরও মনে করিয়ে দেন যে, অক্ষর দলের নিয়মিত সহ-অধিনায়ক। তিনি বলেন, ‘সে দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং সহ-অধিনায়ক। কোনো চোটের সমস্যা না থাকলে এবং সে ফিট থাকলে যেকোনো দিন তার একাদশে থাকা উচিত। আপনাকে আপনার মূল খেলোয়াড়কেই ব্যাক করতে হবে।’

আহমেদাবাদের এই হারের পর সেমিফাইনালের সমীকরণ ভারতের জন্য কঠিন হয়ে পড়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে মাস্ট-উইন ম্যাচে মাঠে নামবে ভারত। ওই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়বে মোস্তাফিজুর রহমানদের প্রতিবেশী দেশটি।

 

Popular

More like this
Related

৩১ ছক্কার রেকর্ডের ম্যাচে জিম্বাবুয়েকে বিধ্বস্ত করল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ আড়াইশ ছাড়ানো পুঁজি গড়ার পর ম্যাচের ফল...

এবার রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে...

এবার ৯ সচিবের চুক্তি বাতিল করলো সরকার

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয়জন সচিব ও সিনিয়র সচিবের অবশিষ্ট...

সংঘাতের ৪ বছর: অবিচল ইউক্রেন এবং বদলে যাওয়া বিশ্ব

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চার বছর পূর্ণ হচ্ছে ২৪ ফেব্রুয়ারি।১...