৬ মাসের শিশুও পাবে হামের টিকা, আসছে বিশেষ টিকাদান কর্মসূচি

Date:

সম্প্রতি হামে আক্রান্ত শিশুদের এক-তৃতীয়াংশের বয়স নয় মাসের কম। বর্তমানে নয় মাস বয়সে শিশুদের হামের টিকা দেওয়া হয়। এ কারণে হামের টিকা দেওয়ার বয়স কমিয়ে ছয় মাস করার সুপারিশ করেছে ন্যাশনাল ইম্যুনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ। গতকাল সোমবার এই সুপারিশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক ও টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের সদস্য হালিমুর রশিদ বলেন, ছয় মাসের শিশুদের এই টিকা দেওয়া হবে কেবল বিশেষ টিকাদান কর্মসূচিতে। আগামী জুন বা জুলাই মাসে এই কর্মসূচি শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

তবে নিয়মিত টিকাদান কর্মসূচিতে হামের টিকা দেওয়ার বয়স আগের মতোই ৯ মাস থাকছে।

বৈঠকে উপস্থিত সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি হামের প্রকোপ বাড়ার কারণ অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ। এসব সংক্রমণ দেশের ভেতর থেকে নাকি বাইরে থেকে ছড়িয়েছে, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর)।

গত রোববার পর্যন্ত হাম বা হাম-সংশ্লিষ্ট জটিলতায় অন্তত ৪০ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। রোববার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে ৬৭৬ জন হামে আক্রান্ত রোগীর তথ্য নথিভুক্ত হয়েছে, যদিও প্রকৃত আক্রান্তের সংখ্যা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক শাহরিয়ার সাজ্জাদ বলেন, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের ৯ মাস ও ১৫ মাস বয়সে দুই ডোজ হামের টিকা দেওয়া হয়। দেশে এই টিকা নেওয়ার হার ৯০ থেকে ৯২ শতাংশ। তাই সাধারণত প্রতি চার বছর পর পর বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়। সর্বশেষ এই কর্মসূচি হয়েছিল ২০২০ সালে।

তিনি জানান, ২০২৪ সালে দেশে বিশেষ কর্মসূচি চালানোর কথা থাকলেও অস্থিতিশীল পরিস্থিতির কারণে তা পরিচালনা করা সম্ভব হয়নি।

৬ মাস বয়সে টিকা কেবল বিশেষ কর্মসূচিতে

সম্প্রতি আক্রান্ত হাম রোগীদের ৩৪ শতাংশের বয়স নয় মাসের কম। তাই গতকালের বৈঠকে বিশেষ এই কর্মসূচিতে হামের টিকার বয়স কমিয়ে ছয় মাস করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। তবে যেসব জেলায় টিকা না নেওয়ার হার তুলনামূলক বেশি, এমন ছয়টি জেলায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে বলে জানান শাহরিয়ার সাজ্জাদ।

নিয়মিত টিকাদানের বয়সসীমার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনার আগে সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। তাই আপাতত নিয়মিত কর্মসূচিতে হামের টিকা দেওয়ার বয়স ৯ মাসই থাকছে।

বিশ্বের দরিদ্র দেশগুলোর শিশুদের টিকা দিতে সহায়তা করে সরকারি-বেসরকারি বৈশ্বিক স্বাস্থ্য অংশীদারত্ব জোট ‘গ্যাভি’। শাহরিয়ার সাজ্জাদ জানান, বিশেষ এই কর্মসূচির জন্য টিকা ও অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম তারাই সরবরাহ করছে।

এই কর্মসূচির জন্য গ্যাভি ইতিমধ্যে দুই কোটি হামের টিকা দিয়েছে। তবে সিরিঞ্জসহ অন্যান্য সরঞ্জাম এখনো এসে পৌঁছায়নি।

ইপিআই প্রাথমিকভাবে এপ্রিলের মাঝামাঝি সময়ে এই বিশেষ কর্মসূচি শুরু করার পরিকল্পনা করেছিল। কিন্তু গ্যাভি জানিয়েছে, তারা মে থেকে জুলাইয়ের মধ্যে সিরিঞ্জ সরবরাহ করতে পারবে। ফলে এখনই কর্মসূচি শুরু করা সম্ভব হচ্ছে না। সে ক্ষেত্রে এটি পিছিয়ে যেতে পারে বলে জানান ইপিআই পরিচালক।

হামের টিকার ঘাটতি সম্পর্কে জানতে চাইলে ইপিআই পরিচালক বলেন, মাঠপর্যায়ে এখনো টিকা রয়েছে, তবে তা শেষ হয়ে আসবে।

তিনি বলেন, ‘তাই নিয়মিত টিকাদানের জন্য আমরা বিশেষ কর্মসূচির জন্য আনা টিকাগুলো ব্যবহারের অনুমতি চেয়ে গ্যাভিকে চিঠি দিয়েছি। পরে যখন আমরা নিয়মিত ব্যবহারের জন্য টিকা কিনব, তখন এগুলো প্রতিস্থাপন করে দেওয়া হবে।’

এদিকে, গতকাল স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আবারও বলেছেন যে, গত সপ্তাহে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকার একটি প্রস্তাব অনুমোদন করেছে। যত দ্রুত সম্ভব এই টিকা দেশে আনার চেষ্টা করা হবে।

Popular

More like this
Related

মার্কিন সামরিক বিমানকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ইতালি

মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে সিসিলির একটি বিমানঘাঁটিতে মার্কিন সামরিক বিমান...

ফুয়েল কার্ড পেতে আবেদনের সময় ৪ এপ্রিল পর্যন্ত বাড়াল জেলা প্রশাসন

সিরাজগঞ্জে অতিরিক্ত ভিড়ের কারণে ফুয়েল কার্ড সংগ্রহের আবেদনের সময়সীমা...

নাটকে অভিনয় করে জাতীয় ফুপু হয়ে গেছি: দীপা খন্দকার

দর্শকপ্রিয় অভিনয়শিল্পী দীপা খন্দকার অভিনয় নিয়ে বেশ সরব আছেন।...

এবার কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’

কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে তৈরি ঈদের...