১২টি ক্লাবের বয়কটের মুখে মঙ্গলবার শুরু দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

Date:

প্রথম বিভাগ ক্রিকেট লিগের অস্থিরতার রেশ ধরে এবার ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুমও বড় সংকট সঙ্গে নিয়ে শুরু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার উদ্বোধনী দিনে চারটি ভেন্যুতে খেলা মাঠে গড়ানোর কথা থাকলেও অংশগ্রহণকারী ২৪টি ক্লাবের মধ্যে অন্তত ১২টি টুর্নামেন্ট বয়কট করতে যাচ্ছে।

আজ সোমবার মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমির সামনে লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেখানে বাকি ১২টি দলের অধিনায়করা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান মিঠু, যিনি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সূচি অনুযায়ী, উদ্বোধনী দিনে কেরানীগঞ্জে আজাদ স্পোর্টিং ক্লাব বনাম প্রগতি সেবা সংঘ, পূর্বাচলে মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব বনাম রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাব, নারায়ণগঞ্জে ইন্দিরা রোড ক্রীড়া চক্র বনাম মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব ও বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব বনাম বাংলাদেশ বয়েজ ক্লাবের ম্যাচ হওয়ার কথা।

টুর্নামেন্টে অর্ধেক ক্লাব অংশ না নেওয়ায় নির্ধারিত সূচি পড়েছে অনিশ্চয়তার মুখে। নিয়ম অনুযায়ী, কোনো দল মাঠে না এলে উপস্থিত থাকা দলটিকে ‘ওয়াকওভার’ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা) দেওয়া হবে। আর যদি দুই দলের কেউই মাঠে না আসে, তবে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে সিসিডিএমের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘১২টি দল লিগে খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে। আরও একটি দলের যোগ দেওয়ার সামান্য সম্ভাবনা আছে। প্রথম বিভাগের মতো করেই এই লিগ পরিচালিত হবে। রেলিগেশনের ক্ষেত্রে নিয়ম হলো, প্রথম রাউন্ডে অংশ না নেওয়া দলগুলো সরাসরি অবনমিত হবে।’

এর আগে প্রথম বিভাগ ক্রিকেট লিগেও একই ধরনের বয়কটের চিত্র দেখা গিয়েছিল। সেখানে ২০টি ক্লাবের মধ্যে আটটিই বর্তমান ক্রিকেটের বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এবং পরিচালনা পর্ষদের সবশেষ নির্বাচনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ এনে অংশ নেয়নি।

Popular

More like this
Related

এই হামলা শুধু গণমাধ্যমের ওপর নয়, সর্বোপরি বাংলাদেশের ওপর আক্রমণ: সম্পাদক পরিষদ-নোয়াব

দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের...

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

শেষ দিন পর্যন্ত আশায় ছিল অস্ট্রেলিয়া, তবে হতাশ হতে...

দ্য ডেইলি স্টারে অগ্নিসংযোগ ও সাংবাদিকদের আটকে পড়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে দ্য ডেইলি স্টার ও...

ভুটানের জালে ১২ গোল দিল বাংলাদেশ

পোখরায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২–০...