নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নাসিমুল গনি। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে এখন মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত শনিবার তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। ওই সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে নিজ দায়িত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
এবার নাসিমুল গনিকে বেসামরিক প্রশাসনের সর্বোচ্চ এই পদে নিয়োগ দিল সরকার।