সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রয়েছে নবাগত ইতালি এবং লড়াকু স্কটল্যান্ড ও নেপাল— যারা নিজেদের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত। সব মিলিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপ হয়ে উঠেছে এক জমজমাট লড়াইয়ের মঞ্চ।
ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সেই তিনটি দলের (বাকিটি ভারত) অন্তর্ভুক্ত যারা এই টুর্নামেন্টটি দুবার করে জিতেছে। পাশাপাশি বছরের পর বছর ধরে তারা উপহার দিয়েছে অনেক ধ্রুপদী ম্যাচ। অন্যদিকে, অবিশ্বাস্য এক বাছাইপর্ব পেরিয়ে এবারের আসরে একমাত্র নবাগত দল হিসেবে জায়গা করে নিয়েছে ইতালি। বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ডের, যা ইতোমধ্যে ‘প্রতিশোধের লড়াই’ হিসেবে আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
তবে এই গ্রুপের সবচেয়ে বড় শক্তি অবশ্যই ইংল্যান্ড। বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা ইংলিশরা তারকায় ঠাসা একটি দল নিয়ে মাঠে নামছে।
‘সি’ গ্রুপের দলগুলো:
ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল ও স্কটল্যান্ড।
নজর থাকবে যার ওপর
আদিল রশিদ (ইংল্যান্ড)
ভারত ও শ্রীলঙ্কার স্পিন-সহায়ক কন্ডিশনে ইংল্যান্ডের বোলিং আক্রমণের প্রধান সেনাপতি হবেন অভিজ্ঞ আদিল রশিদ। আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে তিনি বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সিরিজেও তিনি দুর্দান্ত পারফরম্যান্সে মোট পাঁচটি উইকেট শিকার করেছেন। ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে বিধ্বংসী সব হিটার থাকলেও বোলিংয়ের সময় অধিনায়ক হ্যারি ব্রুক যে কোনো সংকটে রশিদের জাদুকরী ঘূর্ণির ওপরই ভরসা রাখবেন।
দলগুলোর শক্তিমত্তা ও সম্ভাবনা
ইংল্যান্ড
উপমহাদেশের কন্ডিশনে এবার শিরোপা জেতার অন্যতম দাবিদার ইংল্যান্ড। ২০১০ ও ২০২২ সালের আসরের চ্যাম্পিয়নরা চাইবে তাদের ট্রফি ক্যাবিনেটে তৃতীয় শিরোপাটি যোগ করতে। গত বছর জস বাটলারের হাত থেকে অধিনায়কের দায়িত্ব বুঝে নেওয়া ব্রুক এখন দলের কাণ্ডারি। টপ অর্ডারে ফিল সল্টের বিধ্বংসী ফর্ম আর ব্রুকের পাওয়ার হিটিং হবে ইংলিশদের বড় সংগ্রহের মূল চাবিকাঠি। বোলিংয়ে রশিদের পাশাপাশি চোট কাটিয়ে ফেরা গতিদানব জোফ্রা আর্চার এবং ২০২২ সালে টুর্নামেন্টসেরা হওয়া অলরাউন্ডার স্যাম কারান দলটিকে পূর্ণতা দিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ
২০১৬ সালে দ্বিতীয়বার শিরোপা জেতার পর আর টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তাদের শক্তির জায়গা হলো বিধ্বংসী ব্যাটিং, কিন্তু ধারাবাহিকতার অভাবই তাদের মূল দুশ্চিন্তা। টপ অর্ডারে অধিনায়ক শেই হোপ, ব্র্যান্ডন কিং ও ফর্মে থাকা শিমরন হেটমায়ারের ওপর নির্ভর করছে দলটির ভাগ্য। অনেকেই আশা করছেন, ক্যারিবিয়ানরা অনায়াসেই সুপার এইটে জায়গা করে নেবে। কিন্তু প্রশ্ন হলো, তারা কি এর চেয়েও বেশিদূর যেতে পারবে? বড় টুর্নামেন্টের নকআউট পর্বের সেই প্রচণ্ড স্নায়ুচাপ সামলানোর সক্ষমতা কি তারা আবারও দেখাতে পারবে?
ইতালি
আইসিসি আয়োজিত কোনো বিশ্বকাপের মূল মঞ্চে ইতালির অভিষেক দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে স্কটল্যান্ডকে হারিয়ে তারা তাক লাগিয়ে দিয়েছিল। আগামী ৯ ফেব্রুয়ারি দল দুটি পরস্পরকে মোকাবিলা করবে বিশ্বকাপের মঞ্চে। ইতালির নেতৃত্বে আছেন ৪২ বছর বয়সী ওয়েইন ম্যাডসেন, যিনি ইংলিশ কাউন্টি ক্রিকেটে সুপরিচিত মুখ। দ্বৈত নাগরিকত্বের অধিকারী দুই ভাই হ্যারি ম্যানেন্তি ও বেন ম্যানেন্তির বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা দলটির জন্য হতে পারে বড় শক্তি।
স্কটল্যান্ড
আইসিসির সিদ্ধান্তে শেষ মুহূর্তে বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাওয়া স্কটল্যান্ড টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। অভিজ্ঞ অধিনায়ক রিচি বেরিংটনের অধীনে স্কটিশরা চাইবে তাদের সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে। ২৬ বছর বয়সী ব্যাটার ব্র্যান্ডন ম্যাকমুলেন এবং ১০০ উইকেটের মাইলফলকের খুব কাছে থাকা বোলার মার্ক ওয়াট হবেন দলটির তুরুপের তাস।
নেপাল
বিশ্ব ক্রিকেটে নেপাল ও তাদের দর্শকদের উন্মাদনা সব সময়ই বাড়তি মাত্রা যোগ করে। সাবেক অজি ক্রিকেটার স্টুয়ার্ট ল আছেন দলটির কোচের দায়িত্বে। তার কোচিংয়ে নেপাল এখন বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। সহ-অধিনায়ক দীপেন্দ্র সিং আইরির ব্যাটিং তাণ্ডব ও অভিজ্ঞ স্পিনার সন্দীপ লামিচানের ঘূর্ণি যে কোনো দলের জন্যই মাথাব্যথার কারণ হতে পারে।