সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা চলছে

Date:

সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই জনসভা শুরু হয়।

আম্বরখানা জামে মসজিদের খতিব মাওলানা সালেহ আহমেদ কোরআন থেকে তেলাওয়াত করেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে এই জনসভায় উপস্থিত থাকবেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেবেন। বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি জনসভায় পৌঁছাননি। এই জনসভার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক প্রচার শুরু করতে চলেছেন দলের চেয়ারম্যান। 

জনসভায় শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী এহসান। তিনি ছাত্রদলের পক্ষ থেকে কর্মীদের ধানের শীষ প্রতীকের সমর্থনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি বলেন, ‘আজ আমাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা আমাদের দলের চেয়ারম্যানের সাথে সিলেটে একটি জনসভা করার স্বপ্ন দেখেছিলাম। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। এখন আবার স্বপ্ন দেখার সময় এসেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে জয়ী করে আমাদের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে।’

সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, ‘আমরা যদি ধানের শীষকে জয়ী করতে চাই, তাহলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।’

সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী কাওসার আহমেদ বলেন, ১২ ফেব্রুয়ারি ১৮ কোটি মানুষের কাঙ্ক্ষিত নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে বিএনপি জিতবে।

সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম বলেন, জনগণের ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী স্থানীয় উন্নয়নের জন্য কাজ করবেন এবং জনগণের পাশে দাঁড়াবেন।

সুনামগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন মিলন বলেন, আমরা আশাবাদী যে জনগণ ধানের শীষের ওপর আস্থা রাখবে এবং তারেক রহমানের নেতৃত্বে আস্থা রাখবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে ১২ ফেব্রুয়ারি বিজয় সম্ভব।

সিলেট-৬ আসনের ধানের শীষের প্রার্থী এমরান আহমেদ চৌধুরী বলেন, আমরা বহু বছর ধরে নিপীড়নের মধ্যে ছিলাম। জিয়া পরিবার সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। সিলেটের ১৯টি আসন জুবাইদা রহমানকে উপহার দিতে হবে।

বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী ও দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ১৭ বছর পর একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। আমরা বিএনপির সাথে হাত মিলিয়েছি কারণ আমরা বিশ্বাস করি তারেক রহমানের অধীনে দেশ নিরাপদ থাকবে। একটি শান্তিপূর্ণ ও আদর্শ দেশ গড়তে হলে বিএনপি জোটকে অবশ্যই জিততে হবে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, ষড়যন্ত্র এখনো চলছে। সব ষড়যন্ত্রকে পরাজিত করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র সুরক্ষিত হবে।

গতকাল বুধবার রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠের এক পাশে শামিয়ানা টানিয়ে ত্রিপলের ওপর শুয়ে–বসে বহু নেতা–কর্মী রাত কাটান। আজ বৃহস্পতিবার সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতা–কর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন।

গত রাতে সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করেন তারেক রহমান। পরে তিনি দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে উপস্থিত দলীয় নেতা–কর্মী ও সমবেতদের সামনে বক্তব্য দেন। 

Popular

More like this
Related

ওপেন কোর্ট শুনানিতেও ট্রাইব্যুনালে প্রবেশে সাংবাদিকদের বাধা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর একটি শুনানিতে আজ সোমবার সাংবাদিকদের...

তরুণদের সবাই যেন দেশ গড়ায় অংশ নিতে পারে: জাইমা রহমান

দেশ গড়ার কাজে তরুণদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ...

ভোরে ৪.১ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ...

খিলগাঁওয়ে প্রাইভেট কারের ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীর খিলগাঁওয়ে মেরাদিয়া বাজার এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় শাহিন...