সর্বাধিক আসনে প্রার্থী দেবে এনসিপি, ১৫ নভেম্বরের মধ্যে ঘোষণা: নাহিদ

Date:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত কোনো জোটে না গিয়ে এককভাবে সর্বাধিক আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই আসনগুলোর দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন দলটির আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের গোদনাইলের প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব তথ্য জানান নাহিদ।

দলটির প্রধান বলেন, সারাদেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে তার দল। তবে, ফ্যাসিবাদবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ‘অগ্রণী’ ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মানে কয়েকটি আসনে প্রার্থী দেবে না এনসিপি।

উদাহরণ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আসনটি ফাঁকা রাখার ব্যাপারে দলের যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য তুলে ধরেন নাহিদ।

তিনি বলেন, ‘এছাড়া সর্বাধিক আসনে আমরা শাপলা কলির জন্য প্রার্থী দেব। বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী সংস্কৃতি হিসেবে দেখেছি, যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে তারাই নির্বাচনে দাঁড়ায়। আমরা এবার সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই।’

‘বরং এলাকার যে গ্রহণযোগ্য ব্যক্তি, সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায়, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার যারা শিক্ষক, ইমাম, গ্রহণযোগ্য সামাজিক নেতৃত্ব রয়েছেন, তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই। আমরা সেই উদ্দেশ্যে কাজ করছি।’

নির্বাচনী জোট প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ‘সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোন সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে। জুলাই সনদে সংস্কার দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব। কিন্তু আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি।’

এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু প্রমুখ।

Popular

More like this
Related

গ্রেপ্তারের সময় মারধরের ফলে হাসপাতালে ইরানের নার্গিস মোহাম্মদী

শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে গত সপ্তাহে গ্রেপ্তারের সময়...

একদিনে পড়ল ১৫ উইকেট, স্পিনারদের নৈপুণ্যে জয়ের পথে ভারত

দক্ষিণ আফ্রিকাকে অল্পতে গুটিয়ে দেওয়ার পর ভারতও পারল না...

সবাই যদি ভাবেন আমরা ৯ মাসে কুইক ফিক্স করে ফেলবো, সেটা তো হয় না: শফিকুল আলম

বাংলাদেশের মানুষ ভালো শাসনতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ সুশাসন চায়।...

গালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলারের রপ্তানি ক্রয়াদেশ পেল প্রাণ

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুড ফেয়ারে ৫৫...