শ্রীলঙ্কায় ‘রাক্ষস’ সিনেমার শুটিং উপভোগ করছেন সিয়াম

Date:

ঢালিউডের জনপ্রিয় নায়ক ও দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা সিয়াম আহমেদ বর্তমানে শ্রীলঙ্কায় আছেন। সেখানে তার ‘রাক্ষস’ সিনেমার শুটিং চলছে।

শ্রীলঙ্কা থেকে দ্য ডেইলি স্টারকে সিয়াম জানান, সেখানে পুরোদমে সিনেমার শুটিং চলছে। টানা শুটিং শেষ করে দেশে ফেরার পরিকল্পনা তার।

সিয়াম বলেন, ‘আজ দুপুর থেকে শুটিং শুরু হবে এবং সারা রাত চলবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। চমৎকার কিছু লোকেশনে আজকের দৃশ্যগুলো ধারণ করা হবে।’

শ্রীলঙ্কায় প্রথমবার শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, এবারই প্রথম শ্রীলঙ্কায় শুটিং করছি। সুন্দর একটি দেশ। এখানকার লোকেশনগুলো মুগ্ধ করার মতো। এমন পরিবেশে কাজ করতে বেশ ভালো লাগছে।’

‘রাক্ষস’ টিমের প্রশংসা করে সিয়াম বলেন, ‘অসম্ভব ভালো ও গোছানো একটি টিমের সঙ্গে কাজ করছি। আজ গল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হবে। টিম সেভাবেই প্রস্তুতি নিয়েছে।’

তিনি আরও জানান, এই সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনার জন্য বলিউড থেকে একটি বিশেষ টিম আনা হয়েছে। এ ছাড়া কিছু কারিগরি দলও বলিউড থেকে এসেছে। তবে কারিগরি টিমের বেশিরভাগ সদস্য ও শিল্প নির্দেশক বাংলাদেশ থেকে গেছেন।

পরিচালক মেহেদী হাসান হৃদয়ের প্রশংসা করে সিয়াম বলেন, ‘পরিচালক হিসেবে তার আলাদা একটা উন্মাদনা বা ক্রেজ আছে, যেটা আমি পছন্দ করি। ভালো কাজ বের করে আনার জন্য এই ক্রেজটা দরকার। একটি সুন্দর সিনেমা বানানোর দারুণ স্বপ্ন তার মধ্যে আছে।’

তবে সিনেমার গল্প ও নিজের চরিত্র নিয়ে এখনই কিছু বলতে চাননি সিয়াম।

‘এটি সাধারণ কোনো গল্প নয়। যতটুকু কাজ করেছি, পর্দায় দেখার পর বেশ ভালো লেগেছে। গল্প যেমন ভিন্ন, চরিত্রও তেমনি ব্যতিক্রম,’ বলেন তিনি।

এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

তিনি বলেন, ‘সুস্মিতার সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। তিনি খুব ভালো অভিনয় করছেন, একজন দক্ষ পারফর্মার। পর্দায় তাকে বেশ ভালো লাগছে।’

সব মিলিয়ে শ্রীলঙ্কায় নতুন সিনেমার শুটিং উপভোগ করছেন জানিয়ে সিয়াম বলেন, ‘মারাত্মক এনজয় করছি। সিনেমাটি দর্শকদের জন্য নতুন কিছু হতে যাচ্ছে।’

Popular

More like this
Related

জীবনে স্ত্রীর অবদানই ৯০ ভাগ: আবুল হায়াত

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও পরিচালক আবুল হায়াতের বিবাহিত...

‘ঠিক কাজ’ না করলে ভেনেজুয়েলার নতুন নেতাকে ‘বড় মূল্য’ চুকাতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে...

হেডের অতিমানবীয় সেঞ্চুরি, ইংল্যান্ডকে দুই দিনে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

সকালে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস আগেভাগে থামিয়ে ৪০ রানের লিড...

আমিনবাজার ও আশুলিয়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 'লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে...