৮৪ রানে ৬ উইকেট খুইয়ে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড অসাধারণ কায়দায় ঘুরে দাঁড়াল অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাককঞ্চির বিস্ফোরক জুটিতে। এরপর চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় বিবর্ণ ব্যাটিংয়ে কোনো উত্তেজনাই তৈরি করতে পারল না শ্রীলঙ্কা। রাচিন রবীন্দ্রর ঘূর্ণিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজকদের বিদায় করে সেমিফাইনালে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল কিউইরা।
বুধবার সুপার এইটের দুই নম্বর গ্রুপের ম্যাচে কলম্বোতে ৬১ রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে আগে ব্যাটিংয়ে গিয়ে তারা ৭ উইকেটে ১৬৮ রান জমা করার পর স্বাগতিকরা থামে ৮ উইকেটে ১০৭ রানে।
পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া নিউজিল্যান্ডের পয়েন্ট ২ ম্যাচে ৩। সমান ম্যাচ খেলে শ্রীলঙ্কা এখনও কোনো পয়েন্ট পায়নি। গত ম্যাচেও তারা বড় ব্যবধানে পরাস্ত হয়েছিল ইংল্যান্ডের কাছে।
এই গ্রুপ থেকে ইতোমধ্যে ইংল্যান্ড পেয়ে গেছে সেমিফাইনালের টিকিট। ২ ম্যাচ খেলে তাদের অর্জন পূর্ণ ৪ পয়েন্ট। সমান ম্যাচে ১ পয়েন্ট পাওয়া পাকিস্তানও নিউজিল্যান্ডের পাশাপাশি সেমিফাইনালে জায়গা পাওয়ার লড়াইয়ে আছে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় কিউইদের (+৩.০৫) সম্ভাবনা পাকিস্তানিদের (-০.৪৬) তুলনায় বেশি।
বিস্তারিত আসছে…