নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার শপথ ঘিরে সংসদ ভবন এলাকায় বিপুল লোকসমাগম হবে। সেজন্য সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়াতে যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হচ্ছে। শপথ অনুষ্ঠান চলার সময়ে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত করা হবে। এই সময়ে ডাইভারশনের মাধ্যমে যানবাহন চলাচলের ব্যবস্থা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপি ঘোষিত ডাইভারশন পয়েন্ট ও বিকল্প সড়ক:
১. মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউ: মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।
২. ধানমন্ডি হতে ফার্মগেট: ধানমন্ডি ২৭ হতে আসা যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমনাগমন করবে।
৩. আসাদগেট হতে ফার্মগেট ক্রসিং: আসাদগেট থেকে বামে মোড় নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং)-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।
৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড হতে আসা যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যাবে।
৫. মিরপুর রোড হতে ধানমন্ডি: মানিক মিয়া এভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন)-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭-এর দিকে গমনাগমন করবে।
৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে: শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন যানজট বা দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প সচল থাকবে।