লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু

Date:

দক্ষিণ লেবাননের শহর খিয়ামে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। একই সঙ্গে বিভিন্ন এলাকায় বিমান হামলাও চালানো হয়েছে।

সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, খিয়াম শহরে অন্তত তিনটি বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীও স্থল অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।

হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খিয়াম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত। শহরটি দক্ষিণ লেবাননের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হয়।

আল জাজিরার সাংবাদিক জেইনা খোদর জানিয়েছেন, খিয়াম ও এর আশপাশে ‘একটি বড় ধরনের যুদ্ধ চলছে’। সেখানকার উঁচু অবস্থান দুই পক্ষকেই কৌশলগত সুবিধা দেয়।

খোদর বলেছেন, ইসরায়েল মূলত হিজবুল্লাহর সরবরাহ লাইন এবং সামরিক সক্ষমতা বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, যাতে আরও অস্ত্র ও যোদ্ধা আনতে না পারে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার জবাবে হিজবুল্লাহ রকেট হামলা চালানোর পর সর্বশেষ এই সংঘাত শুরু হয়। ২০২৪ সালের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তি ইসরায়েল একাধিকবার লঙ্ঘন করলেও হিজবুল্লাহ ইসরায়েলের ওপর কোনো হামলা চালায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সোমবার সকালে ইয়াতের শহরেও ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া বুর্জ কালাউইয়া, সুলতানিয়া, চাকরা, কানতারা ও আস-সাওয়ানা এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তাদের সেনারা ‘দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে স্থল অভিযান পরিচালনার মাধ্যমে সামনের প্রতিরক্ষা এলাকা বিস্তারে’ মনোযোগ দিয়েছে।

তাদের দাবি, এই অভিযানের অংশ হিসেবে ‘সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস এবং সন্ত্রাসীদের নির্মূল’ করা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিলে প্রায় ৮ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

আল জাজিরা তথ্য অনুযায়ী, লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৮৫০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০৭ জন শিশু এবং ৬৬ জন নারী।

Popular

More like this
Related

ক্ষতিকর ফেসবুক কনটেন্টে বাংলাদেশে মানবাধিকার ঝুঁকিতে: অ্যামনেস্টি

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ফেসবুকে ক্ষতিকর কনটেন্ট...

ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা

গত ২২ ফেব্রুয়ারি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা...

রিয়ালের মুখোমুখি হওয়ার আগে কোনো সুনির্দিষ্ট ‘প্ল্যান’ নেই গার্দিওলার

রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর প্রথম লেগেই...

শহীদ মিনারের সামনে তরুণ হত্যার ঘটনায় আটক ৩

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রাকিব...