লেবাননের দক্ষিণাঞ্চলে আরও সেনা পাঠাচ্ছে ইসরায়েল

Date:

ইসরায়েলের প্রাণঘাতী বোমাবর্ষণ এবং লেবাননের ভূখণ্ডে আগ্রাসন আরও জোরালো করার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তা সত্ত্বেও দেশটির সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে আরও সেনা পাঠাচ্ছে।

আল জাজিরার খবরে এমনটি বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইসরায়েলি বাহিনী জানায়, ১৬২তম ডিভিশনের সেনারা তথাকথিত একটি ‘বাফার জোন’ বা নিরাপদ অঞ্চল সম্প্রসারণের লক্ষ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান পরিচালনা করবে।

ওই পোস্টে আরও বলা হয়, ১৬২তম ডিভিশনটি ওই অঞ্চলে আগে থেকেই অভিযানে থাকা অন্য দুটি সেনা ডিভিশনের সঙ্গে যোগ দিচ্ছে।

অতিরিক্ত এই সেনা মোতায়েনের একদিন আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার হুমকি রুখতে লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ‘বৃহত্তর বাফার জোন’ তৈরির পরিকল্পনা করছে তার দেশের সেনাবাহিনী।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের পর হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা চালায়। এর জের ধরে মার্চ মাসের শুরুর দিকে ইসরায়েল তার উত্তর দিকের প্রতিবেশী লেবাননের ওপর আক্রমণ আরও তীব্র করে।

ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননজুড়ে বিমান ও স্থল হামলা চালানোর পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চল এবং রাজধানী বৈরুতের বেশ কয়েকটি শহরতলির বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত মার্চের শুরু থেকে এ পর্যন্ত ১২ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। বিপুল সংখ্যক মানুষের এই বাস্তুচ্যুতি দেশটিতে এক ভয়াবহ মানবিক সংকটের শঙ্কা জাগিয়ে তুলেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত এক হাজার ১১৬ জন নিহত এবং তিন হাজার ২২৯ জন আহত হয়েছেন।

সংঘাত প্রশমনে বিভিন্ন দেশ বারবার আহ্বান জানাচ্ছে। গত সপ্তাহে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও কানাডা সতর্ক করে বলেছে, ইসরায়েলি স্থল অভিযান আরও বিস্তৃত হলে তার ফলাফল হবে ভয়াবহ। তাই যে কোনো মূল্যে এই বিপর্যয় রুখতে হবে।

তবে এসব আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করেই ইসরায়েলি বাহিনী লেবাননের আরও গভীরে ঢুকে পড়ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলের উত্তরাঞ্চলের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের নিজ ঘরে ফিরতে দেওয়া হবে না

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক ফোনালাপে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ইসরায়েলের এই স্থল আগ্রাসন বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ ও হুঁশিয়ারি ব্যক্ত করেন।

দুই নেতার আলোচনার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, সালাম গুতেরেসকে বলেছেন—ইসরায়েলের কর্মকাণ্ড ও উসকানিমূলক বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক। এটি লেবাননের সার্বভৌমত্বের জন্য যেমন হুমকি, তেমনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদেরও চরম লঙ্ঘন।

নাওয়াফ সালাম আরও জানান, তার সরকার এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেবে। ইসরায়েলের এসব আইন লঙ্ঘন বন্ধে বিশ্ব সংস্থাকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানাবেন তিনি।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছে, দক্ষিণ লেবাননে ঘরবাড়ি ও সেতু ধ্বংসের চিত্র ইসরায়েলের সেই পুরনো ‘নৃশংস অপরাধের’ পুরোনো রেকর্ডকেই মনে করিয়ে দিচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের ওপর চালানো ভয়াবহ গণহত্যার ছায়া এখন লেবাননেও স্পষ্ট হয়ে উঠছে।

মানবাধিকার সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী এরইমধ্যে দক্ষিণ লেবাননের জনজীবনকে ব্যাপকভাবে তছনছ করে দিয়েছে। ইসরায়েলি নেতারা যখন নির্লজ্জভাবে আরও ধ্বংসযজ্ঞ ও উচ্ছেদের হুমকি দিচ্ছে, তখন বিশ্ববাসীর নীরব দর্শকের মতো তাকিয়ে থাকা উচিত নয়।

‘পুরো অঞ্চলজুড়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলকে এভাবে ছাড় দেওয়া ঠিক হবে না। বিশ্বনেতাদের উচিত তাদের আন্তর্জাতিক আইনি দায়বদ্ধতা পালন করা এবং ইসরায়েলের মাধ্যমে বেসামরিক সম্পদ ধ্বংসের এই বেআইনি কর্মকাণ্ড বন্ধ করা।’

এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের বিরুদ্ধে ৪৫টিরও বেশি হামলা চালানোর দাবি করে হিজবুল্লাহ। এর মধ্যে রয়েছে রকেট ও ড্রোন হামলা এবং লেবাননের অভ্যন্তরে থাকা ইসরায়েলি সেনাদের ওপর হামলা।

গোষ্ঠীটি আরও জানিয়েছে যে, তারা গাইডেড মিসাইল ব্যবহার করে ইসরায়েলের বেশ কিছু সাঁজোয়া যানে হামলা চালিয়েছে। এর মধ্যে সীমান্ত শহর দেইর সিরিয়ানে হামলার শিকার দুটি ‘মারকাভা’ ট্যাঙ্কও রয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির উপকূলীয় শহর নাহারিয়াতে হিজবুল্লাহর রকেট হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে এক ‘ঘটনায়’ তাদের একজন সেনা নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।
 

Popular

More like this
Related

আমি যতদিন আছি এলাকায় ওয়াজ-কীর্তন যেমন হবে, বাউল গানও হবে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন,...

দর্শকহীন পিএসএল শুরু, নেই আতশবাজি-উল্লাস

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জমজমাট লিগগুলোর একটি হলেও এবারের উদ্বোধনে...

রাজস্থান ও আরসিবির মালিকানা বদল: বিসিসিআই’র পকেটে ঢুকছে ১৫০০ কোটি টাকা

​আইপিএলের দুই জনপ্রিয় দল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স...

যমুনা সেতুর পশ্চিম প্রান্তে দীর্ঘ সারি, ধীরগতিতে চলছে যানবাহন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে...