লারিজানি নিহত হওয়ার খবর নিশ্চিত করল ইরান

Date:

আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের পর ইরানের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আবির্ভূত হওয়া আলি লারিজানি নিহত হয়েছেন। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

রাতে চালানো এক হামলায় ৬৭ বছর বয়সী লারিজানি প্রাণ হারিয়েছেন বলে গতকাল মঙ্গলবার দাবি করেছিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তার এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই রাতে ইরান আনুষ্ঠানিকভাবে লারিজানির মৃত্যুর খবর জানায়।

এদিকে ইরানের আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলাইমানিও একটি হামলায় নিহত হয়েছেন বলে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি লারিজানিকে সর্বশেষ গত শুক্রবার রাজধানী তেহরানে আল-কুদস দিবসের কুচকাওয়াজে জনসমক্ষে দেখা গিয়েছিল। যুদ্ধের প্রথম দিনে খামেনি নিহত হওয়ার পর থেকে লারিজানিই ইসরায়েলের হাতে প্রাণ হারানো ইরানের সর্বোচ্চ পর্যায়ের কোনো নেতা।

দীর্ঘ কয়েক দশক ধরে লারিজানি ছিলেন ইরানি শাসনব্যবস্থার এক শান্ত ও বিচক্ষণ প্রতিচ্ছবি। ১৮ শতকের জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টকে নিয়ে বই লেখা থেকে শুরু করে পশ্চিমাদের সঙ্গে পরমাণু চুক্তির মধ্যস্থতা—সবখানেই ছিল তার পদচারণা।

গত ১ মার্চ থেকে লারিজানির সুর একেবারে পাল্টে যায়। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপুর প্রাণ হারানোর ঠিক ২৪ ঘণ্টার মাথায় রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে এক অগ্নিঝরা বার্তা দেন লারিজানি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, আমেরিকা ও ইহুদিবাদী (ইসরায়েল) গোষ্ঠী ইরানি জাতির হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরাও তাদের বুক জ্বালিয়ে দেব। এই ইহুদিবাদী অপরাধী আর নির্লজ্জ আমেরিকানদের আমরা এমন শিক্ষা দেব যে, তারা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে বাধ্য হবে।

ইরান যে চরম সংকটের মুখোমুখি, তা সামাল দিতে দেশটির নীতিনির্ধারণী পর্যায়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন লারিজানি। তিনি এর আগে মন্তব্য করেছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাতা ফাঁদে পড়েছেন।

খামেনির মৃত্যুর পর ইরান পরিচালনার জন্য গঠিত তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিলের পাশাপাশি লারিজানির ভূমিকাও ছিল তাৎপর্যপূর্ণ।

Popular

More like this
Related

চাপ বাড়লেও যানজট নেই টাঙ্গাইলে, গণপরিবহন সংকটে ভোগান্তি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের...

ঈদের ছুটিতে চা-বাগানের হাতছানি

ঈদের টানা ছুটিতে পর্যটকদের ঢল নামার অপেক্ষায় সিলেটের সবুজে...

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরের কয়েক জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

বগুড়ার আদমদীঘি উপজেলায় নীলসাগর এক্সপ্রেসের আটটি বগি লাইনচ্যুত হয়েছে।...

যে কারণে মধ্যপ্রাচ্য থেকে ফিরে যাচ্ছে মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড

মার্কিন নৌবহরের অত্যাধুনিক রণতরি জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্যে মোতায়েন...