রেলক্রসিংয়ে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণ করা হবে: রেল প্রতিমন্ত্রী

Date:

রেল দুর্ঘটনা রোধে সারা দেশের পুরোনো রেলক্রসিংগুলোতে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের পাশাপাশি আধুনিক স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

গতরাতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড উড়ালসড়কের নিচে রেলক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন। আজ রোববার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং কৃষিমন্ত্রী ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেল প্রতিমন্ত্রী সরকারের উন্নয়ন ভাবনার এই কথা তুলে ধরেন।

দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের বিষয়ে রেল প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। যাদের চিকিৎসা প্রয়োজন বা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া প্রয়োজন, তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পুরোনো রেলগেটগুলোতে গেটম্যান বা তদারকি না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে তিনি বলেন, যেসব স্থানে পুরোনো রেলক্রসিং রয়েছে, সেখানে ওভারপাস বা আন্ডারপাস করে দেওয়া যায় কি না, তা যাচাই করার জন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আরেকটি সিদ্ধান্ত আলোচনায় রয়েছে, তা হলো রেলক্রসিংগুলোকে স্বয়ংক্রিয় করা যায় কি না। একটি নির্দিষ্ট সীমানার মধ্যে ট্রেন প্রবেশ করলেই ক্রসিংয়ের প্রতিবন্ধক (ব্যারিয়ার) যেন স্বয়ংক্রিয়ভাবে নেমে যায়, সেই সিস্টেম নিয়ে আমাদের কাজ চলছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রধানমন্ত্রী বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন।’

কুমিল্লার ওই দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেল প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ পাওয়ায় দুজন গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিভাগীয় ও একটি আঞ্চলিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে স্টেশনমাস্টারের কোনো অবহেলা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Popular

More like this
Related

বান্দরবানে হোটেল-রিসোর্টে ঠাঁই নেই, স্পটগুলোতে পর্যটকের উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে পার্বত্য জেলা বান্দরবান যেন...

চার তারা: জার্মানির বিশ্বজয়ের গল্প

ফিফা বিশ্বকাপে শিরোপার সংখ্যার বিচারে ব্রাজিলের ঠিক পরেই অবস্থান...

‎লালমনিরহাটে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কা, আহত ৮

লালমনিরহাট শহরে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় অন্তত আটজন আহত...

কুড়িগ্রামে ছেলের শাবলের আঘাতে বাবা নিহত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক কলহের ঘটনায় ছেলের আঘাতে প্রাণ হারিয়েছেন...