সিয়াম আহমেদ ঢাকাই সিনেমার একজন দর্শকপ্রিয় নায়ক। এবারের ঈদে তার অভিনীত নতুন সিনেমা রাক্ষস মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।
ইতোমধ্যে সিনেমার ট্রেলার রিলিজ করা হয়েছে। ট্রেলার মুক্তির পর প্রশংসায় ভাসছেন সিয়াম। দর্শকরা বেশ ইতিবাচকভাবেই বিষয়টিকে দেখছেন। শোবিজ তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোচিত ট্রেলার ও সিনেমা নিয়ে প্রশংসাবাক্য লিখছেন।
নতুন সিনেমা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন এই দর্শকনন্দিত অভিনেতা।
এত সব প্রশংসা কীভাবে দেখছেন? এই প্রশ্নের জবাবে সিয়াম বলেন, ‘খুব ভালোভাবেই দেখছি। সবার ভালোবাসা পাচ্ছি। সবার প্রতি কৃতজ্ঞতা। দর্শকরা এখনো রাক্ষস সিনেমার পঁচিশ ভাগও দেখেননি। এতে অনেক চমক অপেক্ষা করছে। প্রেক্ষাগৃহে যাওয়ার পরই তা দেখতে পাবেন দর্শকরা।’
সিয়াম বলেন, ‘রাক্ষস একটি রোমান্টিক সিনেমা। রাক্ষসের আরেকটি চমক এখানেই। দর্শকরা নানারকম মন্তব্য করছেন। অ্যাকশন সিনেমা থেকে শুরু করে নানারকম মন্তব্য করছেন। ইতিবাচক মন্তব্যই করছেন। আমি বলব এটি রোমান্টিক সিনেমা।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পৃথিবীর অনেক বড় বড় যুদ্ধ কিন্তু রোমান্সের জন্য হয়েছে। রাক্ষস দেখার পর তা টের পাওয়া যাবে।’
‘রাক্ষস ঈদের জন্য সুন্দর উপহার। ঈদের সময় দর্শকরা ভালো একটি সিনেমা দেখতে পারবেন। পুরোপুরি বিনোদনমূলক সিনেমা এটি’, যোগ করেন তিনি।
সিয়াম বলেন, ‘দর্শকদের উদ্দেশে বলব, ‘পোড়ামন টু যখন নির্মিত হয়, তখন আমি পরিচিত ছিলাম না। দর্শকরাই আমাকে সামনে নিয়ে এসেছেন, ভালোবাসায় সিক্ত করেছেন। আমার প্রতিটি সফলতায় তারা পাশে থেকেছেন, আপন করে নিয়েছেন। প্রত্যেকবার সিনেমা মুক্তির সময় তাদের ভালোবাসা ও সমর্থন পেয়েছি। এবার রাক্ষস সিনেমা দিয়েও তা পাব আশা করি।’
তিনি বলেন, ‘আমি দর্শকদের এমন কিছু দিতে চাই যা মনে থাকবে অনেকদিন। রাক্ষস সিনেমায় তা পাবেন। অনেক কিছু আছে এই সিনেমায়।’
রাক্ষস সিনেমার জন্য টানা দশ দিন ফাইটের দৃশ্যের শুটিং করেছেন সিয়াম আহমেদ। ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বম্বের নামি ডিরেক্টর এজাজ মাস্টার।
সিয়াম আহমেদ বলেন, ‘টানা দশ দিন শুটিং করেছি ফাইট দৃশ্যগুলোর। দেশের বাইরে একটি দিন শুটিং মিস দেওয়া মানে প্রযোজক ও পরিচালকের অনেক অর্থ লোকসান হওয়া। সেজন্য টানা কাজ করেছি। এভাবে টানা ফাইটের শুটিং করতে গিয়ে শরীরের মধ্যে কাঁটা-ছেঁড়া হয়েছে, ব্যথা হয়েছে। কিন্তু শুটিং বাদ দিইনি। বরং পরের দৃশ্য করার জন্য রেডি হয়েছি। শুটিং শেষ করার পর এজাজ মাস্টার ও তার টিম যেভাবে প্রশংসা করেছেন তা সত্যিই ভুলবার নয়।’
রাক্ষস নিয়ে কতটা এক্সাইটেড? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাক্ষস সিনেমা নিয়ে আমি অনেক এক্সাইটেড। অনেক দিন ধরে কাজ করেছি। অনেক পরিশ্রম করেছি।’
ট্রেলার মুক্তির আগে কোনো টেনশন কাজ করেছে কী? জবাবে সিয়াম বলেন, ‘টেনশন না, বারবার ভেবেছি দর্শকরা কীভাবে নেবেন? তারা এতটাই ভালোভাবে নিয়েছেন সত্যিই ভালো লাগছে।’
এই সিনেমা নিয়ে প্রত্যাশা কতটুকু? তিনি বলেন, ‘প্রত্যাশা অনেক। আমি আশাবাদী।’
‘বরবাদ’ সিনেমাটি পরিচালনা করে আলোচনায় আসেন মেহেদী হাসান হৃদয়। রাক্ষস সিনেমার পরিচালকও তিনি।
সিয়াম বলেন, ‘কাজের বিষয়ে পরিচালক হৃদয় অনেক উদ্যমি। যত মানুষের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে সবচেয়ে উদ্যমি একজন পরিচালক তিনি। তার স্বপ্ন অনেক। তিনি পরিশ্রমী মানুষ। তার সঙ্গে ভালো একটা রসায়ন তৈরি হয়েছে রাক্ষস করতে গিয়ে।’
তিনি বলেন, ‘পরিচালক হৃদয় ভাই দর্শকদের কথা ভাবেন। বিনোদন বোঝেন। দুজনে সামনে আরো বড় কিছু করব।’
ঈদে মুক্তি পেতে যাওয়া অন্যান্য সিনেমার বিষয়ে সিয়াম বলেন, ‘এটা জেনে খুব ভালো লাগছে যে এবারের ঈদে একইসঙ্গে অনেকগুলো সিনেমা মুক্তি পাচ্ছে। সবই আমাদের সিনেমা। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। শাকিব ভাইয়ের প্রিন্স আসছে। বনলতা এক্সপ্রেস আসছে। ওই সিনেমায় আমার চঞ্চল কাকা, সাবিলা, আমার বন্ধু রাজ, মোশাররফ করিম ভাই, বাঁধন আপু, মম আপু, শ্যামল সহ অনেকেই আছেন।’
তিনি বলেন, ‘আমার প্রথম সিনেমার নায়িকা পূজা চেরি অভিনিত ‘দম’ সিনেমাটিও এবারের ঈদে মুক্তি পাবে। নির্মাণ করেছেন আমার প্রথম নাটকের পরিচালক রেদোয়ান রনি। কাজেই সবই তো আমরাই। যেজন্য ভালো লাগছে অনেক বেশি। তাছাড়া, আমার আপন মানুষ, আমার প্রথম সিনেমার পরিচালক রায়হান রাফীর প্রেসার কুকার আসছে। সব মিলিয়ে এবারের ঈদে ভিন্ন কিছু হবে।’
সিয়াম বলেন, ‘দেখুন, সব তো আমাদেরই। আমরা সবাই আপন। রাক্ষস সহ প্রতিটি সিনেমার প্রতি ভালোবাসা রইলো।’