রঞ্জিতে আলোড়ন তোলা কে এই আকিব নবি?

Date:

লেট সুইংয়ে বল লাফিয়ে উঠে লোকেশ রাহুলের ব্যাটে চুমু খেয়ে জমা পড়ল কিপারের গ্লাভসে। আবার ভেতরে ঢোকা বলের কোনো কূল-কিনারা না পেয়ে স্টাম্প উড়ে যেতে দেখলেন করুণ নায়ার। ডানহাতি পেসার আকিব নবির মোহনীয় সুইং পসরায় ভারতের রঞ্জি ট্রফির ফাইনালে খাবি খাচ্ছে তারকায় ঠাসা কর্ণাটক। কেবল ফাইনাল নয়, গোটা রঞ্জি মৌসুমে অবিশ্বাস্য গড়ে উইকেট তুলছেন জম্মু ও কাশ্মীরের এই পেসার।

ফাইনালের প্রথম ইনিংস পর্যন্ত ১৭ ইনিংসে বল করে ৬০ উইকেট নিয়েছেন আকিব। তার বোলিং গড় মাত্র ১২.৫৬! স্ট্রাইকরেটও দুর্দান্ত; প্রতি ২৮ বলে পেয়েছেন একটি করে উইকেট।

২৯ বছর বয়সী আকিব অবশ্য ভারতের ঘরোয়া ক্রিকেটে নতুন কেউ নন। ২০২০ সালে প্রথম শ্রেণীতে অভিষেকের পর ৪০ ম্যাচে ১৫১ উইকেট তুলেছেন। তবে এবারের মৌসুমে তিনি যেন অন্য ধাঁচের। দুই দিকেই সুইং করাতে পারা এই পেসারকে ভারতের টেস্ট দলে দেখার সম্ভাবনা জোরালো হচ্ছে।

সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে সেই আশাই ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীর বিশ্বকে দেখাচ্ছে তারা কী করতে সক্ষম। তারা তাদের অঞ্চলকে গর্বিত করছে। কঠিন পরিবেশে শক্ত মানুষ তৈরি হয়। আকিব নবি জাতীয় দলের রঙ গায়ে চাপানোর পথে আছে। এই গ্রীষ্মেই ইংল্যান্ডে তার শুরু হতে পারে।’

রঞ্জি ট্রফিতে অংশ নেওয়ার ৬০ বছরের বেশি সময়ের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে উঠেছে জম্মু ও কাশ্মীর। লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, দেবদূত পাড়িকাল, করুণ নায়ার ও প্রসিদ কৃষ্ণদের মতো টেস্ট ক্রিকেটার একাদশে থাকার পরও কোণঠাসা অবস্থায় কর্ণাটক। কর্ণাটককে ২৯৩ রানে প্রথম ইনিংসে গুটিয়ে দিতে ৫৪ রানে ৫ উইকেট নিয়েছেন আকিব। এবারের রঞ্জিতে এটি তার সপ্তম পাঁচ উইকেট শিকার।

কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলের স্কুলশিক্ষকের ছেলে আকিব পরিবারের বিরুদ্ধে লড়াই করে ক্রিকেটে দেখছেন সফলতার মুখ। চরম প্রতিকূল পরিবেশে দারুণ লড়াইয়ের মানসিকতা আর ক্রিকেটের প্রতি ভালোবাসা তাকে আজ ভারতের সর্বোচ্চ মঞ্চে নিয়ে এসেছে। 

 

Popular

More like this
Related

মধ্যপ্রাচ্যে উত্তেজনা অবসানে চীনের আহ্বান, ইরানের সার্বভৌমত্ব সম্মানের দাবি

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার অবিলম্বে অবসান চেয়েছে চীন। দেশটির...

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড কমান্ডার নিহত: রয়টার্স

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ...

রুশ নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ

ইরানে অবস্থানরত রুশ নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়া।আল...

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক

ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ফলে...