ঢাকার মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে চার ঘণ্টার এই অভিযানে প্রায় ১০০ জনকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম রাত ১০টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালায়।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, মোহাম্মদপুর ও আদাবরে কিশোর গ্যাং, চাঁদাবাজ এবং অপরাধী সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে এই অভিযান চালানো হয়।
রমজান ও আসন্ন ঈদুল ফিতরের কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো অপরাধী বা সংগঠিত গোষ্ঠী যেন এই সময়ের সুযোগ নিতে না পারে, পুলিশ তা নিশ্চিত করতে চায়।
এই কর্মকর্তা বলেন, রাত ১০টা থেকে প্রায় ২টা পর্যন্ত তেজগাঁও বিভাগের পক্ষ থেকে একটি অভিযান চালিয়েছি।
তিনি আরও বলেন, মোহাম্মদপুর ও আদাবর—এই দুই থানা মিলিয়ে আমরা বিভিন্ন পর্যায়ের প্রায় ১০০ জন অপরাধীকে আটক করেছি। আমাদের এই কার্যক্রম চলমান এবং এটি অব্যাহত থাকবে।
ডিসি জানান, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় যেন কিশোর গ্যাং, ছিনতাই ও চাঁদাবাজির মতো ঘটনা কোনোভাবেই মাথাচাড়া দিতে না পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেজন্য এ ধরনের অভিযান চলবে।
পুলিশ জানিয়েছে, আটকদের সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে।