মেহেন্দীগঞ্জে সালিসে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ৫

Date:

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে সালিস বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রোববার বিকেলে মেহেন্দীগঞ্জ পৌর এলাকার দক্ষিণ চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ উঠেছে, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারের নেতৃত্বে হামলায় খোরশেদ নিহত হন।

নিহত খোরশেদ রাজধানীর হাজারীবাগ এলাকার একটি ট্যানারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী তোতা সিকদার বলেন, প্রায় ২০ বছর আগে বিল্ডিংয়ের সেন্টারিং মালামাল বাবদ বিএনপি নেতা জাহাঙ্গীর খোরশেদের কাছে দুই লাখ ৫২ হাজার টাকা পাওনা রয়েছে বলে মেহেন্দীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে সালিস বৈঠকের আয়োজন করা হয়। এতে মেহেন্দীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠকে দুই পক্ষের বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে খোরশেদ প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই নিহত হন।

নিহত খোরশেদের ভাতিজা রাকিব সিকদার অভিযোগ করে বলেন, ‘আমার চাচাকে জাহাঙ্গীরের নেতৃত্বে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের সামনেই হামলা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’

অভিযুক্ত জাহাঙ্গীর হাওলাদার ঘটনার পর আত্মগোপনে রয়েছে। তার বক্তব্য পাওয়া যায়নি।

মেহেন্দীগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী (দিনু মিয়া) বলেন, ‘মারামারির খবর পাওয়ামাত্র জাহাঙ্গীরকে দল থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।’

মেহেন্দীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’ 

Popular

More like this
Related

নেত্রকোণায় মজুত করা ৩৫০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

নেত্রকোণার সদর উপজেলার হাটখলা বাজারে অবৈধভাবে মজুত করা সাড়ে...

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের দেশের...

সৌদি আরবের পাইপলাইনে দিনে ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন

হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইন বর্তমানে পূর্ণ...

মধ্যপ্রাচ্যে ইউক্রেনের প্রতিরক্ষা চুক্তি, ইরানকে উন্নত ড্রোন দিচ্ছে রাশিয়া

মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও কাতারের সঙ্গে ইতোমধ্যে ১০ বছর...