মানুষের ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: সোহেল রানা

Date:

সোহেল রানা—‘ওরা ১১ জন’ সিনেমার প্রযোজক এবং ‘মাসুদ রানা’ সিনেমার সেই তেজোদীপ্ত নায়কের মুখ। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করেছিলেন তিনি। নায়ক, পরিচালক ও প্রযোজক হিসেবে ঢালিউডকে সমৃদ্ধ করেছেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান অনস্বীকার্য।

আজ ২১ ফেব্রুয়ারি সোহেল রানার জন্মদিন। ৭৯ বছর পূর্ণ করলেন তিনি। বিশেষ এই দিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত তিনি।

জন্মদিনে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে সোহেল রানা বলেন, ‘একজীবনে যে ভালোবাসা পেয়েছি এবং এখনো পাচ্ছি, তা কম মানুষের ভাগ্যে জোটে। আমি খুব সুন্দর চেহারার মানুষ নই, অনেক অভিনয় জেনেও সিনেমায় আসিনি—তারপরও দর্শকদের কাছ থেকে অসম্ভব ভালোবাসা পেয়েছি। দর্শকেরা আমাকে অনেক ভালোবাসেন, সম্মান করেন। এত ভালোবাসা কোনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘অনেকের অনেক কিছু আছে, কিন্তু ভালোবাসার কমতি আছে। মানুষের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।’

জন্মদিনে বিশেষ এক ভক্তের কথা স্মরণ করে সোহেল রানা বলেন, ‘দীপু নামের এক ভক্ত গত ৩০ বছরের বেশি সময় ধরে শুধু জন্মদিনে আমার বাসায় আসেন। আজও সকাল ১১টার ৩০ মিনিট আগেই ছেলেমেয়েকে নিয়ে কেক হাতে এসেছিলেন। কোনো চাওয়া-পাওয়া নেই, শুধু ভালোবাসা জানাতেই আসেন। সারা বছর তার কোনো খোঁজ পাওয়া যায় না, কিন্তু জন্মদিনের দিনটি তিনি কখনোই ভোলেন না।’

আরেক ভক্তের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের বাইরে থাকেন এমন এক ভক্তও শুধু জন্মদিনে দেখা করতে আসেন। উপহার দিয়ে যান। এমন নির্লোভ মানুষের ভালোবাসা কমই পেয়েছি।’

নায়ক হিসেবে মানুষের ভালোবাসাকে কীভাবে দেখেন—এমন প্রশ্নের জবাবে সোহেল রানা বলেন, ‘এখানে আমার কোনো কৃতিত্ব নেই। সমস্ত কৃতিত্ব মহান আল্লাহর। তিনিই সম্মান দেওয়ার মালিক। কেউ বছরের পর বছর চেষ্টা করেও এই ভালোবাসা পায় না, আবার কেউ অল্পতেই পেয়ে যায়। এটা সৃষ্টিকর্তার উপহার।’

জন্মদিন এলে এখন কী মনে হয় জানতে চাইলে তিনি বলেন, ‘২০-২৫ বছর আগেও জন্মদিনে একরকম ভাবনা ছিল। কিন্তু এখন জন্মদিন এলে ভাবি, জীবন থেকে আরও একটি বছর চলে গেল। জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেল, যা আর কোনো দিন ফিরে আসবে না।’

সোহেল রানা বলেন, ‘আমি কখনো থিয়েটার করিনি, অভিনয় করতেও চাইনি। আমি করতাম রাজনীতি। ৫৫ বছর রাজনীতি করেছি, মুক্তিযুদ্ধ করেছি, রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। কিন্তু হয়ে গেলাম সিনেমার নায়ক। আমার মনে হয়, এটা নসিবে ছিল।’

Popular

More like this
Related

আওয়ামী লীগ আমলের ১০০৬ মামলা প্রত্যাহারের অনুমোদন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭...

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন

পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন। দীর্ঘদিন...

গাইবান্ধায় মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে যুবককে নির্যাতনের অভিযোগে মামলা

গাইবান্ধা শহরের জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসনকেন্দ্রে এক যুবককে...

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার...