অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হাইভোল্টেজ ডার্বির আগে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। চোট কাটিয়ে পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছেন বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। একই সঙ্গে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামের মাঠে ফেরাও নিশ্চিত করেছেন দলটির কোচ আলভারো আরবেলোয়া।
চলতি মৌসুমের লা লিগার ফিরতি লেগে আগামীকাল রোববার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাতলেতিকোর মুখোমুখি হবে রিয়াল। লিগে দুই দলের আগের দেখায় গত সেপ্টেম্বরে অ্যাতলেতিকোর মাঠে ৫-২ গোলের বড় হার দেখেছিল রিয়াল।
শনিবার সংবাদ সম্মেলনে রিয়ালের কোচ জানিয়েছেন, নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নামার আগে এমবাপের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। হাঁটুর চোটের কারণে একটানা পাঁচটি ম্যাচ মিস করেন এমবাপে। এরপর গত মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।
আরবেলোয়া বলেছেন, ‘আমি আগেই বলেছিলাম, এমবাপে যখন ফিরবে, তখন সে ১০০ ভাগ ফিট হয়েই ফিরবে। আমার মনে হয়, ম্যানচেস্টারে আমরা তাকে যে কয়েক মিনিট দেখেছি… সেখানে তার দুই-তিনটি গতির ঝলক দেখেই বোঝা গেছে যে, সে দারুণ ফর্মে আছে। আর সবকিছুর ঊর্ধ্বে সে নিজে কেমন অনুভব করছে সেটাই জরুরি।’
চলতি মৌসুমে রিয়ালের হয়ে অতিমানবীয় ছন্দে আছেন এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত খেলা ৩৪ ম্যাচে ৩৮ গোল করেছেন তিনি। তাকে নিয়ে রিয়ালের কোচের মন্তব্য, ‘তার মতো একজন প্রভাবশালী খেলোয়াড়কে ১০০ ভাগ ফিট অবস্থায় ফিরে পেয়ে আমরা পূর্ণ আত্মবিশ্বাসী, সম্পূর্ণ নিশ্চিন্ত ও অত্যন্ত রোমাঞ্চিত।’
গত ১ ফেব্রুয়ারি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার পর থেকে মাঠের বাইরে আছেন বেলিংহ্যাম। লম্বা বিরতি দিয়ে তিনিও ফিরেছেন লস ব্লাঙ্কোদের স্কোয়াডে। এই প্রসঙ্গে আরবেলোয়া বলেছেন, ‘তাকে এখন পাওয়া যাবে। আগামীকাল সে স্কোয়াডে থাকবে এবং আমরা দেখব, সে খেলার সুযোগ পায় কি না। আমার মনে হয় সে খেলবে। সে প্রস্তুত আছে এবং আমি তাকে মাঠে দেখার জন্য সত্যিই মুখিয়ে আছি।’
২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দুইয়ে আছে রিয়াল। চার নম্বরে অবস্থান করা অ্যাতলেতিকোর পয়েন্ট সমান ম্যাচে ৫৭। ২৮ ম্যাচে ৭০ পয়েন্ট পেয়ে চূড়ায় রয়েছে শিরোপা ধরে রাখার অভিযানে থাকা বার্সেলোনা।