মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৭

Date:

মুন্সীগঞ্জের গজারিয়ায় মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিলের আয়োজন করে জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের সমর্থকরা।

মিছিল শুরুর আগে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনেন বলে জানান। ভাঙচুর করা হয় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী হোসেনের গাড়ি।

ওসি আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এখনো পর্যন্ত ৩ জন আহত হওয়ার খবর পেয়েছি। একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেনাবাহিনীকে সাথে নিয়ে আমরা ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি শান্ত।’

তবে কোনো গুলি বা ককটেল বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করতে পারেননি ওসি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফ হোসেন রাজু স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় আমাদের হাসপাতালে ২ জন রোগী এসেছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকায় পাঠানো আহত দুজনের নাম স্বাধীন (২৪) ও সাইদুল (২৫)।

বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনকে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘আমি একটু অসুস্থ, তাই হাসপাতালে এসেছিলাম। হাসপাতালে থেকেই খবরটি শুনলাম, যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় যারা জড়িত আমি তাদের সবার বিচার চাই। বিএনপির নেতাকর্মীদের বলবো, আপনারা দলীয় সিদ্ধান্ত মেনে চলুন আর ঐক্যবদ্ধ থাকুন।’

বিএনপির জেলা সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার ৫-৭ জন সমর্থককে গুরুতর আহত করা হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধও আছে। এখনও পুরো ঘটনার বিস্তারিত আমি জানি না।’

Popular

More like this
Related

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মিলনে

চোটের ধাক্কায় আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আর খেলা হচ্ছে...

কাজে যোগ দিলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)...

সহজ জয়ে ১০০তম গ্র্যান্ড স্লাম ম্যাচ উদযাপন আলকারাজের

গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারের ১০০তম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন কার্লোস...

তারেক রহমান ফেরার দিন যেন সারা দেশ কেঁপে ওঠে, নেতাকর্মীদের ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 'খুব শিগগিরই' দেশে ফিরছেন...