মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ইরাক আক্রমণের চেয়েও ‘ভয়াবহ’: স্পেনের প্রধানমন্ত্রী

Date:

মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ ২০০৩ সালে ইরাক আক্রমণের তুলনায় ‘অনেক বেশি ভয়াবহ’ পরিস্থিতি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

আজ বুধবার দেশটির পার্লামেন্টে দাঁড়িয়ে  সানচেজ এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

তিনি বলেন, ‘আমরা এমন কিছুর মুখোমুখি হচ্ছি যা অনেক বেশি ভয়াবহ। এর সম্ভাব্য প্রভাব আরও ব্যাপক ও গভীর।’

তিনি আরও বলেন, ‘এই অযৌক্তিক ও অবৈধ যুদ্ধ—আমাদের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত লক্ষ্য থেকে পিছিয়ে দিচ্ছে।’

সানচেজ জানান, ওয়াশিংটনের অনুরোধে ইরানের বিরুদ্ধে অভিযানে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তার সরকার। এর জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের সঙ্গে বাণিজ্য ছিন্ন করার হুমকি দিয়েছেন বলে জানায় এএফপি।

২০০৩ সালের ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে সানচেজ বলেন, ওই অভিযান তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিল এবং সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছিল। ‘তখন জ্বালানি ও নিত্যপণ্যের দাম বেড়েছিল, অভিবাসন সংকট তৈরি হয়েছিল এবং ইউরোপে জিহাদি হামলাও বেড়েছিল,’ বলেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় গত সপ্তাহে স্পেন সরকার ৫ বিলিয়ন ইউরো সমমূল্যের প্রণোদনা প্যাকেজ অনুমোদন করেছে। এতে জ্বালানির ওপর কর হ্রাসের ব্যবস্থাও রাখা হয়েছে।

সানচেজ বলেন, ‘স্প্যানিশ বা ইউরোপীয়দের এই অবৈধ যুদ্ধের মূল্য দেওয়া উচিত নয়।’

এএফপি জানায়, ইরাক যুদ্ধের প্রসঙ্গ স্পেনের রাজনীতিতে এখনও সংবেদনশীল। সে সময় ক্ষমতায় থাকা রক্ষণশীল পপুলার পার্টি ইরাকে সেনা পাঠানোর সিদ্ধান্তে ব্যাপক জনবিক্ষোভের মুখে পড়ে।

চলতি মাসের শুরুতে স্প্যানিশ দৈনিক এল পাইসের এক জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তকে ৫৩ দশমিক ২ শতাংশ স্প্যানিশ নাগরিক সমর্থন করেছেন।

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্র বলছে আলোচনা চলছে, ইরান বলছে না—সত্য কী?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলছেন যে, যুদ্ধ...

৬১ শতাংশ মার্কিনি ইরান যুদ্ধের বিরুদ্ধে, কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মহাক্ষমতাধর...

মুক্তিযোদ্ধাদের প্রতি ‘গভীর কৃতজ্ঞতা’ জানালেন জামায়াত আমির

একাত্তরের রণাঙ্গনে লড়াকু মুক্তিযোদ্ধাদের প্রতি ‘অন্তরের অন্তঃস্থল থেকে গভীর...

দৌলতদিয়ায় বাস নদীতে: ২ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা...